রোনালদোর সঙ্গে তুলনাকে ‘স্বাভাবিক’ বললেন মেসি
ছবি: সংগৃহীত
০৯:৪৮ পিএম | ০৮ মে, ২০২৬
লিওনেল মেসি গণমাধ্যমের সঙ্গে অত বেশি কথা বলেন না। কিন্তু যখন কথা বলেন, অনেক কিছুই বলার থাকে। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা নিয়ে কথা বললেন তিনি।
ইন্টার মিলান ও আর্জেন্টিনা সুপারস্টার তার ক্যারিয়ারের শেষ লগ্নে। টানা দ্বিতীয় এমএলএস কাপ ট্রফির খোঁজে তিনি। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরের সঙ্গে প্রথম সৌদি প্রো লিগ জয়ের বেশ কাছে। এমন সময়ে আবার উঠে এলো দুই মহাতারকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার। মেসির মতো পর্তুগাল অধিনায়কও ক্যারিয়ারের শেষ দেখতে শুরু করেছেন। তারা যখন বুটজোড়া তুলে রাখবেন, তখন গত এক দশকেরও বেশি সময় ধরে তাদের অর্জনের হিসাবনিকাশ চলবে।
এই সপ্তাহে আর্জেন্টাইন মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে মেসি জানালেন, স্পেনে ও ইউরোপিয়ান প্রতিযোগিতার সর্বোচ্চ মঞ্চে রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগতো।
মেসি বলেছেন, ‘যা ঘটেছিল, তা ছিল সুন্দর ক্রীড়াসুলভ প্রতিদ্বন্দ্বিতা। বিশ্ব ফুটবলে এটা স্বাভাবিক ব্যাপার। আমি ছিলাম বার্সেলোনায় এবং সে রিয়াল মাদ্রিদে। দলগত ও ব্যক্তিগত দুই ক্ষেত্রেই সবকিছুর জন্য আমরা লড়াই করতাম। তাই লোকেরা সবসময় আমাদের তুলনা করতো।’
তবে খেলার বাইরে তাদের সম্পর্ক ছিল বেশ ভালো এবং শ্রদ্ধাপূর্ণ। তিনি বললেন, ‘আমাদের সম্পর্ক সবসময় ভালো ও শ্রদ্ধাপূর্ণ ছিল। যা ঘটেছিল সবই ছিল খেলা সম্পর্কিত। ব্যক্তিগত কোনো কিছু না।’

মাঠের বাইরে কেমন ছিল সম্পর্ক, মেসি বললেন, ‘ম্যাচ বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাড়া আমাদের খুব একটা দেখা হতো না, তবে আমাদের মধ্যে সবসময় ভালো সম্পর্ক ছিল। এখন আমরা আমাদের জীবনের ভিন্ন ভিন্ন পর্যায়ে রয়েছি, তবে যা ঘটেছিল তা ছিল একটি সুন্দর ক্রীড়াসুলভ প্রতিদ্বন্দ্বিতা।’
বিশ্ব ফুটবলে বর্তমানে অনেক তারকাই উঠে আসছে। কিন্তু মেসি-রোনালদোর মতো প্রতিদ্বন্দ্বিতা দেখতে হয়তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।
এসকে/টিকে