© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত নেতার মন্তব্যগণরায় নিয়ে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে

শেয়ার করুন:
গণরায় নিয়ে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৩ পিএম | ০৮ মে, ২০২৬
গণরায় নিয়ে ষড়যন্ত্র এবং জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

শুক্রবার (৮ মে) রাজধানীর কাফরুল অঞ্চল জামায়াত আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে তিনি এ কথা বলেন।

আব্দুল হালিম বলেন, দীর্ঘ জুলুম-নির্যাতন, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের রক্ত পিচ্ছিল পথ ধরেই জামায়াত এখন জনগণের মনের মণিকোটায় স্থান করে নিয়েছে। বিগত সংসদ নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে ভোট প্রদান করেছে। কিন্তু ষড়যন্ত্র ও ডাকাতির মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে।

তিনি বলেন, তারপরও জামায়াত দেশের শুধু বিরোধী দল নয় বরং জননন্দিত রাজনৈতিক ও আদর্শিক দল। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদেরকে জনগণের পক্ষেই কথা বলতে হবে। আমরা এক্ষেত্রে কারো সাথে আপস করে চলবো না।

তিনি সংগঠনের রুকনদেরকে ধৈর্য, প্রজ্ঞা, সবর, ঈমান এবং তাকওয়ার মাধ্যমে আগামী দিনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

অনুষ্ঠানে সংগঠনটির প্রচার বিভাগীয় সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন,গণভোটে দেশের ৭০ ভাগ এ সনদের পক্ষে গণরায় প্রদান করেছে। তবে অত্যন্ত পরিতাপের বিষয় যে, সরকার অসৎউদ্দেশ্যে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা সনদ বাস্তবায়ন না করতে নানাবিধ কুযুক্তি দাড় করাচ্ছে। কিন্তু জনগণ তাদের সে স্বপ্নবিলাস কোন ভাবেই বাস্তবায়িত হতে দেবে না বরং ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দেবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লবে বর্তমান ক্ষমতাসীনদের উল্লেখযোগ্য কোন অবদান ছিলো না। তাই তারা এখন জুলাই সনদকে পাশ কাটানোর নানা ধরনের টালবাহানা শুরু করেছে। যা গণরায়ের প্রতি রীতিমত অশ্রদ্ধা। কিন্তু এসব করে সরকার কোন ভাবেই গণরায় পাশ কাটাতে পারবে না বরং তা তাদের জন্যই তা হবে আত্মঘাতি।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসকে/টিকে

মন্তব্য করুন