© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাজারখানেক ইনফ্লুয়েন্সার ও ৫ হাজার এআই এক্সপার্ট নিয়োগ দেবে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি

শেয়ার করুন:
হাজারখানেক ইনফ্লুয়েন্সার ও ৫ হাজার এআই এক্সপার্ট নিয়োগ দেবে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৬ এএম | ০৯ মে, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বার্তা ও 'আইডিওলজি' আরও শক্তভাবে ছড়িয়ে দিতে নতুন কৌশল নিচ্ছে ভিয়েতনামের রুলিং কমিউনিস্ট পার্টি।

শুক্রবার (৮ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

পরিকল্পনার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে অন্তত ১ হাজার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ৫ হাজার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এক্সপার্ট যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে রুলিং পার্টি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 'ইতিবাচক' কনটেন্ট ছড়িয়ে দেওয়া এবং ভুল তথ্য মোকাবিলায় এই নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

নথিতে বলা হয়, এর মূল উদ্দেশ্য হলো ক্ষতিকর, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে পুরো সমাজে 'আইডিওলজি ইমিউনিটি' তৈরি করা।

এ জন্য নতুন প্রজন্মের কাছে দলের আদর্শ পৌঁছে দিতে পডকাস্ট, শর্ট ভিডিও এবং নির্দিষ্ট শ্রোতাগোষ্ঠীর জন্য আলাদা কনটেন্ট তৈরির পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে ভিয়েতনামে সংবাদমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত সীমিত। দেশটির সরকার সংবাদ কাভারেজ নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্সরশিপের মাধ্যমে জনমত নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ রয়েছে।

প্রোপাগান্ডা জোরদারে, ২০৩০ সালের মধ্যে অনলাইনে ভিয়েতনামি ভাষার কনটেন্টের অন্তত ৮০ শতাংশ যেন ইতিবাচক হয়, সেই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দলীয় নীতিমালার বিরোধী ৯০ শতাংশ কনটেন্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে এআই ব্যবহার করা হবে।

রয়টার্স জানায়, তরুণদের মধ্যে শর্ট ভিডিওর জনপ্রিয়তা বাড়ায় ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করে সরকারি বার্তা আরও সহজভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ভিয়েতনাম।

ডেটা রিপোর্টালের তথ্য অনুযায়ী, ভিয়েতনামে প্রায় ৭ কোটি ৯০ লাখ সক্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী রয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ।

টিজে/টিএ  

মন্তব্য করুন