© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুখ্যমন্ত্রীর শপথের আগেই কেন কলকাতায় আমির খান?

শেয়ার করুন:
মুখ্যমন্ত্রীর শপথের আগেই কেন কলকাতায় আমির খান?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪২ এএম | ০৯ মে, ২০২৬
কলকাতার রাজনৈতিক আবহ এখন উত্তপ্ত। নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণকে ঘিরে শহরজুড়ে ব্যস্ততা, প্রস্তুতি আর আলোচনা। ঠিক এমন সময় আচমকাই কলকাতায় দেখা গেল বলিউড তারকা আমির খানকে। শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে পা রাখতেই শুরু হয় জোর গুঞ্জন।

প্রথমে শোনা যায়, বিজেপির জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ পেয়েই নাকি শহরে এসেছেন অভিনেতা-প্রযোজক। কারণ, শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে শুভেন্দুর। একই দিনে শপথ নেবে তাঁর নতুন মন্ত্রীসভাও। ফলে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যস্ততার মধ্যেই আমিরের হঠাৎ আগমন ঘিরে কৌতূহল আরও বেড়ে যায়।

তবে কিছুক্ষণের মধ্যেই সেই জল্পনায় ভাটা পড়ে। এরপর সামনে আসে নতুন সম্ভাবনা। অনেকের ধারণা, আবারও হয়তো মুর্শিদাবাদের জিয়াগঞ্জের উদ্দেশেই কলকাতায় এসেছেন আমির। সম্প্রতি তাঁর নতুন ছবি ‘ফোর ইডিয়টস’-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। সেই ছবির গান নিয়ে কি অরিজিৎ সিংহের সঙ্গে আলোচনা করতেই এই সফর? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিনোদন অঙ্গনে।



এর আগেও প্রায় দেড় মাস আগে কলকাতায় এসেছিলেন আমির। তখন তাঁর ছেলে জুনেইদ খানের ছবি ‘এক দিন’-এর গানের রেকর্ডিংয়ের সূত্রে শহরে আসার খবর সামনে আসে। পরে নিভৃতে মুর্শিদাবাদে অরিজিৎ সিংহের বাড়িতেও গিয়েছিলেন তিনি। সেই সফর নিয়েও কম আলোচনা হয়নি।

উল্লেখযোগ্য বিষয় হলো, অরিজিৎ সিংহ কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, তিনি আর ছায়াছবির গান গাইবেন না। তবুও ঘনিষ্ঠ বন্ধুত্বের টানে আমিরের অনুরোধ ফিরিয়ে দিতে পারেননি বলেই শোনা যায়। তবে এখনও পর্যন্ত নতুন করে ছবির গানে ফেরার কোনও ইঙ্গিত দেননি জনপ্রিয় এই সংগীতশিল্পী।

এ বারও আমিরের সফরে ছিল রহস্যের ছাপ। বিমানবন্দরে তাঁর সঙ্গে কোনও প্রচারকর্মী বা বড় টিমকে দেখা যায়নি। ছিলেন শুধু একজন দেহরক্ষী। আগের সফরেও একইভাবে নীরবে শহরে এসেছিলেন তিনি। ফলে আবারও অরিজিৎ-আমির সাক্ষাৎ হতে চলেছে কি না, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

এসএ/এসএন

মন্তব্য করুন