© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে ‘অ্যানিতে’, কারা আছেন অভিনয়ে?

শেয়ার করুন:
আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে ‘অ্যানিতে’, কারা আছেন অভিনয়ে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ এএম | ০৯ মে, ২০২৬
অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে নিয়ে রেহানা ‘রেহানা মরিয়ম নূর’ নির্মাণ করে চমকে দিয়েছিলেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। ২০২১ সালের এই ‘রেহানা মরিয়ম নূর’ ফ্রান্সের সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নিয়েছিল। এটি ছিল কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম কোনো চলচ্চিত্র। এর পাঁচ বছর গত। এই নির্মাতা আড়ালে যাওয়া মানে নতুন কিছু নিয়ে ফিরে আসা। সেটাই ঘটল।

পাঁচ বছর বিরতির পর নতুন কাজ নিয়ে আবারও পর্দায় ফিরে এলেন সাদ। তবে এবার সিনেমা নয়, সিরিজ নিয়ে ফিরছেন তিনি। নাম ‘অ্যানি’। সিরিজটির ঘোষণা দেওয়া মাত্রই এতে অভিনয়শিল্পী হিসেবে কারা থাকছেন তা নিয়ে চলছিল চর্চা।

সিরিজটির নাম প্রকাশের সঙ্গে সঙ্গে এর প্রযোজক এহসানুল হক বাবু জানিয়ে দিলেন এর কাস্টিংয়ে যারা আছেন তাদের তালিকাও। নতুন সিরিজের অভিনয়শিল্পীদের বেলাতেও চমক দিয়েছেন নির্মাতা। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। তাঁর সঙ্গে আছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে।



মূলত ডিস্টোপিয়া ঘরানার গল্প অ্যানি। যেখানে অ্যানির ভূমিকায় দেখা যাবে নাজিফা তুষিকে। গল্পে দেখা যায় অ্যানি একজন নার্স। বয়স ২৭। একা হাতে তাঁর পাঁচ ভাইবোনকে বড় করার সংগ্রাম চালিয়ে যায় সে। যখন বাইরের পৃথিবী একটি অদ্ভুত অসুখের মুখোমুখি। যে অসুখে সংক্রমিত পুরুষরা নারীদের প্রতি এক নিয়ন্ত্রণহীন ঘৃণায় উন্মত্ত হয়ে ওঠে। এমন এক হেইট প্যান্ডেমিক-এর গভীর রাতে, এক মুখোশধারী হামলাকারী অ্যানির ওপর নৃশংস হামলা চালায়। এ সহিংসতা অ্যানিকে বদলে দেয় চিরতরে। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা সব ঘৃণার সঙ্গে লড়তে লড়তে অ্যানি এমন এক অন্ধকারে নিজেকে খুঁজে পায়। যেখান থেকে সে প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পায় না।

সিরিজটি নিয়ে আবদুল্লাহ মোহাম্মাদ সাদ বলেন, ‘অ্যানির মতো একজন জটিল চরিত্রের চোখ দিয়ে দেখা গল্পটি মূলত চেম্বার ড্রামা। আমার অন্য সব কাজের মতোই এটি নারী-পুরুষ সম্পর্কের ভেতরের শাশ্বত অবিশ্বাস, অসমতা আর সহিংসতা নিয়ে প্রশ্ন তুলবে বলে আমার বিশ্বাস।’

 সিরিজটি ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’ এ প্রিমিয়ার হবে। জার্মানির প্রথম উৎসব, যা সম্পূর্ণভাবে সিরিজ প্রদর্শন হয়ে থাকে। প্রতিবছর এই উৎসবে বিভিন্ন ঘরানার বৈশ্বিক নির্বাচিত প্রায় ২০টি সিরিজ বড় পর্দায় প্রদর্শিত হয়। সেখানেই প্রদর্শিত হচ্ছে অ্যানি।

এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ ছিল আবদুল্লাহ মোহাম্মাদ সাদের প্রথম চলচ্চিত্র। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও সেরা অভিনেতার পুরস্কার জেতা এই ছবি প্রদর্শিত হয় নেদারল্যান্ডসের রটারডাম ও সুইজারল্যান্ডের লোকার্নোর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসবে। ২০২১ সালে দ্বিতীয় ছবি ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে দেশজুড়ে আলোচনা সৃষ্টি করে জায়গা করে নিয়েছিলেন ফ্রান্সের সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে। এটি ছিল কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম কোনো চলচ্চিত্র। এ ছাড়াও বিশ্বজুড়ে ১৫টির অধিক আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছিল সাদের এই নির্মাণ।

এসএ/টিএ

মন্তব্য করুন