© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ উৎপাদনে ফিরছে রাষ্ট্রায়ত্ত্ব ডিএপি সার কারখানা

শেয়ার করুন:
আজ উৎপাদনে ফিরছে রাষ্ট্রায়ত্ত্ব ডিএপি সার কারখানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৯ এএম | ০৯ মে, ২০২৬
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত্ব ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানাটি সাময়িক বন্ধ থাকার পর আজ শনিবার (৯ মে) থেকে পুনরায় উৎপাদনে যাচ্ছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) অ্যামোনিয়া সংকট কাটিয়ে এই কার্যক্রম শুরু করছে।

শুক্রবার (৮ মে) কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান আলমগীর জলিল জানান, কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (কাফকো) উৎপাদনে ফেরায় প্রয়োজনীয় অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে। প্রয়োজনীয় গ্যাস মজুত হওয়ায় শনিবার সকাল থেকে কারখানা চালু করা হবে এবং দুপুর নাগাদ পুরোদমে উৎপাদন শুরু হবে।

ডিএপিএফসিএল সূত্র জানায়, প্রতিষ্ঠানটি শুরু থেকেই সিইউএফএল এবং কাফকো থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে আসছিল। তবে গ্যাস সংকটে ওই দুটি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যায়। মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদনও সাময়িকভাবে বন্ধ করতে হয়। ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে থাকা এই কারখানার দুটি ইউনিটে দৈনিক ৮০০ টন সার উৎপাদনের ক্ষমতা রয়েছে।

কাফকোর চিফ অব অপারেশন ফারুক আহমেদ জানান, সরকারি সিদ্ধান্তে গত ৪ মার্চ থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন স্থগিত ছিল। পরে ১ মে গ্যাস সরবরাহ চালু হলে ২ মে বিকেল থেকে উৎপাদন শুরু হয়। বর্তমানে সেখানে প্রতিদিন প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে, যার ফলে ডিএপি কারখানায় অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ থেকে সরকারি নির্দেশনায় কাফকো ও সিইউএফএলের উৎপাদন বন্ধ থাকলেও বর্তমানে কাফকো চালু হয়েছে। তবে সিইউএফএল এখনও বন্ধ রয়েছে। কাফকো চালু হওয়ায় দেশের কৃষি খাতের জন্য গুরুত্বপূর্ণ ডিএপি সার উৎপাদন পুনরায় শুরুর পথ সুগম হলো।

কেএন/টিএ

মন্তব্য করুন