বিজয়-তৃষা সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য রাখির
ছবি: সংগৃহীত
০৯:২১ এএম | ০৯ মে, ২০২৬
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক ঘিরে গুঞ্জন যেন থামছেই না। ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনেও এই জুটিকে নিয়ে চলছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা মন্তব্য ও জল্পনায় আরও নতুন মাত্রা যোগ করলেন বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত এই চর্চিত জুটিকে ঘিরে নিজের মতামত প্রকাশ করেন। তিনি বলেন, বিজয় ও তৃষার মধ্যে যে রসায়ন দেখা যায়, তা তার খুবই পছন্দ হয়েছে। তাঁর মতে, এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া উচিত এবং বিয়ের মাধ্যমে তা পরিণতি পাওয়া উচিত। রাখি আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে থালাপতি বিজয়কে অনেক পছন্দ করেন এবং তার প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে।

রাখির বক্তব্যে আরও চমক ছিল, তিনি বলেন, বিজয় ও তৃষার বিয়ের অনুষ্ঠান হলে তিনি মেহেদির অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান। শুধু তাই নয়, বিজয়ের রাজনৈতিক ও জনপ্রিয় অবস্থান নিয়েও মন্তব্য করেন তিনি। রাখি জানান, তামিলনাড়ুতে বিজয় যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা নজরকাড়া।
অভিনয় জীবনের একটি ইচ্ছার কথাও জানান রাখি সাওয়ান্ত। তিনি বলেন, একসময় বিজয়ের সঙ্গে একটি গানে কাজ করার স্বপ্ন ছিল তার, কিন্তু সেই সুযোগ হয়নি। তবে এখন মনে হচ্ছে বিজয়ের দলে যুক্ত হওয়াই ভালো সিদ্ধান্ত হতে পারে।
রাখির এই মন্তব্য ঘিরে আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে বিজয়-তৃষা জুটি। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না থাকলেও ভক্তদের আগ্রহ ও তারকাদের মন্তব্যে বিষয়টি আরও বেশি আলোচিত হয়ে উঠছে।
এসএ/এসএন