যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে ২৫ বিলিয়ন ডলারের বিল পাস তাইওয়ানের: রয়টার্স
ছবি: সংগৃহীত
০২:১২ পিএম | ০৯ মে, ২০২৬
চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবিলায় অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করেছে তাইওয়ানের পার্লামেন্ট। তবে সরকার যে পরিমাণ অর্থ চেয়েছিল, তার তুলনায় অনেক কম বরাদ্দ অনুমোদন পেয়েছে।
শুক্রবার (৮ মে) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির পার্লামেন্টে ২৫ বিলিয়ন মার্কিন ডলার বিশেষ প্রতিরক্ষা বাজেট পাস করা হয়। এই প্যাকেজের মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, সেলফ-প্রোপেল্ড হাউইটজার, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জ্যাভলিন অ্যান্টি-আর্মার মিসাইল।
তাইওয়ান সরকারের প্রস্তাবিত বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আধুনিক অস্ত্র কেনার পাশাপাশি দেশীয়ভাবে তৈরি ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামে বিনিয়োগের পরিকল্পনা ছিল। এর লক্ষ্য ছিল চীনের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা।
তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল কুওমিনতাং (কেএমটি) সরকারের প্রস্তাবের বিরোধিতা করে। দলটির দাবি, বাজেট প্রস্তাব স্বচ্ছ ছিল না এবং এতে দুর্নীতির ঝুঁকি থাকতে পারে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে। গত ডিসেম্বরে, ওয়াশিংটন তাইওয়ানের জন্য ১১ বিলিয়ন ডলারের বৃহৎ অস্ত্র বিক্রয় প্যাকেজ ঘোষণা করে। এছাড়া আরও প্রায় ১৪ বিলিয়ন ডলারের নতুন প্যাকেজ ঘোষণার সম্ভাবনার কথাও জানা গেছে।
টিজে/টিএ