নগরজীবনের বাস্তবতার গল্পে ভাবনা
ছবি: সংগৃহীত
০৩:১৩ পিএম | ০৯ মে, ২০২৬
আশনা হাবিব ভাবনা আবারও বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার পর একের পর এক নতুন চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন আশনা হাবিব ভাবনা। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় এসেছে তাঁর নাম। আসিফ ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নিয়ে অংশ নিয়েছেন ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
এর মধ্যেই নতুন সিনেমার খবর দিলেন অভিনেত্রী। নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিতব্য নতুন সিনেমা ‘ঢাকা ১২০৫’-এ দেখা যাবে তাকে। এটি নির্মাণ করছেন ওয়ালিদ আহমেদ। এই সিনেমায় ভাবনার বিপরীতে অভিনয় করছেন নবাগত রাকিব হোসেন।
নতুন সিনেমা প্রসঙ্গে ভাবনা বলেন, ‘ঢাকা ১২০৫’-এর কাজ ইতিমধ্যেই প্রায় শেষ। আশি শতাংশের মতো শুটিং হয়ে গেছে। একটি গান ও কিছু ডাবিং বাকি আছে। আমরা চেষ্টা করছি সুন্দর একটি সময়ে চলচ্চিত্রটি সবার সামনে নিয়ে আসতে।
সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন স্থানে। সিনেমাটিতে ঢাকার অন্দরজীবনের নানা অচেনা বাস্তবতা তুলে ধরা হয়েছে।
নির্মাতা বলেন, ‘ভাবনা ও রাকিবের খুনসুটি এবং সম্পর্কের রসায়ন পুরো সিনেমাজুড়ে দর্শক দেখতে পাবেন। আমরা চেষ্টা করেছি ঢাকার একেবারে ভেতরের গল্পকে সিনেমার ভাষায় তুলে ধরতে।

এই শহরের মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও অদেখা বাস্তবতা মিলিয়ে ‘ঢাকা ১২০৫’ দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হবে।’ ভাবনার কাজের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘ভাবনা অত্যন্ত নিবেদিত একজন শিল্পী। প্রচণ্ড রোদের মধ্যেও তিনি শুটিং চালিয়ে গেছেন। অন্যদিকে, রাকিব যেকোনো চরিত্রে নিজেকে দ্রুত মানিয়ে নিতে পারেন।’
প্রসঙ্গত, এর আগে ওয়ালিদ আহমেদ নির্মাণ করেছিলেন ‘মেঘের কপাট’। এ ছাড়া সজল ও সিন্ডিকে নিয়ে নির্মিত ‘জীবন খেলা’ বর্তমানে মুক্তির অপেক্ষায়।
এসএ/টিএ