এবার বিজয়-তৃষার বিয়ে করা উচিত: রাখি সাওয়ান্ত
ছবি: সংগৃহীত
০৫:৩০ পিএম | ০৯ মে, ২০২৬
দক্ষিণ ভারতের রাজনীতি ও বিনোদন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন থালাপতি বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকা বিজয়কে ঘিরে যখন ব্যস্ত রাজনৈতিক সমীকরণ, ঠিক সেই সময়েই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর গুঞ্জন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তিনি সরাসরি বলেন, ‘আমার মনে হয় বিজয় ও তৃষার বিয়ে করে নেওয়া উচিত। আমি ওদের মেহন্দি অনুষ্ঠানে যাবো।’
তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

রাখি আরও দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে বিজয়কে পছন্দ করেন এবং তার সঙ্গে কাজ করার ইচ্ছাও ছিল। এমনকি তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে বিজয়ের রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়েও ভাবতে পারেন।
এদিকে গত কয়েক মাস ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে। যদিও দু’জনেই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে বিভিন্ন সময় তাদের কিছু ইঙ্গিতপূর্ণ উপস্থিতি ও আচরণ ভক্তদের মধ্যে সম্পর্কের জল্পনা আরও বাড়িয়েছে। এমনকি নির্বাচনের ফলাফলের আগে তৃষাকে একটি মন্দিরে প্রার্থনা করতে দেখা যায়, যা ঘিরে অনুরাগীদের ধারণা আরও জোরালো হয়।
সব মিলিয়ে রাজনৈতিক উত্থান, ব্যক্তিগত জীবন ও বিনোদন জগতের গুঞ্জন, সবকিছু মিলিয়ে থলপতি বিজয় ও তৃষাকে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এখন নজর তাদের ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সে দিকেই।
এমআই/টিকে