শুভেন্দুর শপথগ্রহণের আবহে হঠাৎ কলকাতায় আমির খান!
ছবি: সংগৃহীত
০৫:৫০ পিএম | ০৯ মে, ২০২৬
আমির খানের হঠাৎ কলকাতা সফর ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। এমন এক সময় শহরে দেখা গেল বলিউডের এই সুপারস্টারকে, যখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন ব্যস্ত শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে।
শুক্রবার রবীন্দ্রজয়ন্তীর দিন রাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনার আবহেই শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে দেখা যায় আমির খানকে। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা জল্পনা।
অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, তাহলে কি শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেই কলকাতায় এসেছেন তিনি?
রাজভবন থেকে ব্রিগেড সর্বত্র যখন প্রস্তুতির ব্যস্ততা, তখন আমিরের এই সফর নিয়ে কৌতূহল আরো বেড়ে যায়। তবে পরে জানা যায়, তাঁর এই সফরের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, কলকাতায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিতেই এসেছিলেন আমির খান। সেই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন।

ফলে রাজনৈতিক জল্পনার ইতি টানতে শুরু করেছেন অনেকে।
এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ছেলে জুনাইদ খানের সিনেমার কাজের সূত্রে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন আমির। তখন তিনি গিয়েছিলেন অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে। সংগীত ও সিনেমা ঘিরে তাঁদের বন্ধুত্বের কথাও বহুবার আলোচনায় এসেছে।
তবে এবারের সফর একেবারেই ব্যক্তিগত অনুষ্ঠানকেন্দ্রিক বলেই জানা গেছে। যদিও রাজনৈতিক আবহের মধ্যে তাঁর কলকাতা আগমন ঘিরে তৈরি হওয়া কৌতূহল এখনো কমেনি।
পিআর/টিকে