অবশেষে বিজয়ের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ, রোববার শপথ চায় টিভিকে
ছবি: সংগৃহীত
০৮:৪৯ পিএম | ০৯ মে, ২০২৬
তামিলনাড়ুর রাজ্যপাল আর. ভি. আরলেকার অবশেষে বিজয় থালাপতির সঙ্গে দেখা করেছেন। গত চার দিনে চতুর্থবারের মতো টিভিকে নেতা বিজয়ের সঙ্গে দেখা করলেন তিনি। কিন্তু এবারের দেখা করাটা তাৎপর্যপূর্ণ কারণ বহু নাটকীয়তার পর শনিবার বিজয় সরকার গঠনের প্রয়োজনীয় আসন পেয়ে গেছেন।
এর আগে যতবার রাজ্যপালের সঙ্গে বিজয় সরকার গঠনের দাবি জানাতে দেখা করেছেন তা নাকচ করে দেন তিনি। কারণ তখন সরকার গঠনের প্রয়োজনীয় আসন সংখ্যা ১১৮ ছিল না থালাপাতির দল টিভিকের।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠতে লাগবে ১১৮ আসন। কিন্তু এবারের নির্বাচনে ১০৮ টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয় বিজয়ের দল টিভিকে। ফলে রাজ্যপাল বার বার তাকে ফিরিয়ে দেন।
এরপর অন্যদলগুলোর সমর্থন আদায়ে দৌড়ঝাঁপ শুরু করেন বিজয়। প্রথমে তাকে সমর্থন দেয় কংগ্রেস। কিন্তু কংগ্রেসের ৫ আসন পাওয়ার পরও কয়েকটি আসন বাকি থাকায় কয়েকদিন নাটকীয় পরিস্থিতি দেখা যায় তামিলনাড়ুর রাজনীতিতে।
অবশেষে আইইউএমএল-এর সমর্থনে বিজয়ের জোট ১২০ আসনে পৌঁছেছে। এর মধ্যে বিজয়ের দল টিভিকের আসন সংখ্যা ১০৭।
কংগ্রেসের ৫,
ভিসিকে ২,
সিপিআই ২,
সিপিআইএম ২,
আইইউএমএল ২
এদিকে, বিজয়ের দল টিভিকে আগামীকালই শপথগ্রহণ চাইছে বলে প্রতিবেদনে জানা গেছে।
চার দিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে, টিভিকে প্রধান বিজয় রাজ্যপাল আরভি আরলেকারের কাছে ১২০ জন বিধায়কের সমর্থনপত্র পেশ করার পর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানিয়েছেন। টিভিকে-র অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে, দলটি আগামীকাল, ১০ মে, যত তাড়াতাড়ি সম্ভব শপথগ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য চাপ দিচ্ছে।
সূত্র: এনডিটিভি