কঙ্গনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বরার স্বামী ফাহাদ
ছবি: সংগৃহীত
০৯:৩২ পিএম | ০৯ মে, ২০২৬
বলিউডে কঙ্গনা রানাউত ও স্বরা ভাস্করের দ্বন্দ্ব নতুন কিছু নয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে একাধিকবার প্রকাশ্যে বাকযুদ্ধে জড়িয়েছেন এই দুই অভিনেত্রী। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন স্বরার স্বামী ও সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ।
সম্প্রতি এক আলোচনায় কঙ্গনাকে নিয়ে নিজের মত প্রকাশ করেন ফাহাদ। অভিনেত্রী হিসেবে কঙ্গনার প্রশংসা করলেও রাজনীতিবিদ হিসেবে তাঁকে একেবারেই সফল মনে করেন না তিনি। ফাহাদের দাবি, পর্দার কঙ্গনা নিঃসন্দেহে প্রতিভাবান ও শক্তিশালী অভিনয়শিল্পী। তবে জনগণের প্রতিনিধি হিসেবে তাঁর ভূমিকা হতাশাজনক।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরাখণ্ডের মন্ডী কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদ সদস্য হন কঙ্গনা। কিন্তু পরের বছর সেই এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হলে কঙ্গনার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রসঙ্গ টেনেই কটাক্ষ করেন ফাহাদ। তাঁর বক্তব্য, একজন সাংসদ হিসেবে নিজের এলাকার মানুষের জন্য আরও জোরালোভাবে লড়াই করা উচিত ছিল কঙ্গনার।
ফাহাদ বলেন, বন্যার সময় কঙ্গনা বারবার বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রী বা মন্ত্রী নন, তাই সীমিত পরিসরে কাজ করতে পারেন। কিন্তু একজন জনপ্রতিনিধির কাজই হলো মানুষের সমস্যাকে সামনে এনে সরকারের ওপর চাপ তৈরি করা। সেই জায়গায় কঙ্গনাকে দুর্বল বলেই মনে করেন তিনি।
তবে রাজনৈতিক মতবিরোধ থাকলেও কঙ্গনার ব্যক্তিত্বকে অস্বীকার করছেন না স্বরা ভাস্কর। বরং স্বরার মতে, কঙ্গনা একজন লড়াকু মানুষ। জীবনে নানা বাধা পেরিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। আর সেই কারণেই কঙ্গনার জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার মতো অনেক কিছু আছে বলেও মনে করেন স্বরা।
পিআর/টিকে