© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্ধু, পরিবারও মনোযোগ নষ্ট করতে পারে: অমিতাভ বচ্চন

শেয়ার করুন:
বন্ধু, পরিবারও মনোযোগ নষ্ট করতে পারে:  অমিতাভ বচ্চন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৮ পিএম | ০৯ মে, ২০২৬
৮৩ বছর বয়সেও কাজের প্রতি অমিতাভ বচ্চনের শৃঙ্খলা এবং নিষ্ঠা আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণা। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করেও এখনও প্রতিদিন নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিয়মিত ব্লগ লেখা এবং অনুরাগীদের সঙ্গে নিজের ভাবনা ভাগ করে নেওয়াও তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। এবারও নিজের ব্লগে জীবনে সফল হওয়ার মূলমন্ত্র নিয়ে খোলামেলা মত প্রকাশ করলেন বলিউডের শাহেনশাহ।

সম্প্রতি মনোসংযোগ এবং সময়ের সঠিক ব্যবহারের গুরুত্ব নিয়ে দীর্ঘ লেখা প্রকাশ করেছেন অমিতাভ। তাঁর মতে, বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ ধরে রাখা। একবার সামাজিক মাধ্যমে সময় কাটাতে শুরু করলে কখন ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, তা টেরই পাওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।



তবে শুধু সামাজিক মাধ্যম নয়, বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানো কিংবা কখনও কখনও পরিবারের সঙ্গেও প্রয়োজনের তুলনায় বেশি সময় কাটানো কাজের ক্ষেত্রে মনোযোগ নষ্ট করতে পারে বলেও মনে করেন অভিনেতা। তাঁর মতে, লক্ষ্যপূরণে সবচেয়ে জরুরি বিষয় হলো নিজের কাজের প্রতি একাগ্র থাকা।

অমিতাভ জানান, সম্প্রতি প্রযুক্তি উদ্যোক্তা স্টিভ জোবসের একটি মন্তব্য তাঁকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। সেই ভাবনা থেকেই তিনি উপলব্ধি করেছেন, জীবনে সফল হতে গেলে চারপাশের বিভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন। মানুষ যখন নিজের লক্ষ্য থেকে সরে গিয়ে নানা বিষয়ে অতিরিক্ত জড়িয়ে পড়ে, তখনই কাজের ক্ষতি শুরু হয় বলে মত তাঁর।

অভিনেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ মনে করছেন, অমিতাভ বর্তমান ডিজিটাল যুগের বাস্তব সমস্যার কথাই তুলে ধরেছেন। আবার অনেকের মতে, তিনি সম্পর্ককে ছোট করেননি, বরং কাজের সময় কাজের প্রতিই সম্পূর্ণ মনোযোগ দেওয়ার বার্তা দিতে চেয়েছেন।

দীর্ঘ অভিনয়জীবনেও নিজের নিয়ম এবং শৃঙ্খলা থেকে কখনও সরে যাননি অমিতাভ। বয়স বাড়লেও কাজের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং চিন্তাভাবনা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলেই মনে করছেন অনুরাগীরা।

পিআর/টিকে


মন্তব্য করুন