‘লাগান’-এর ২৫ বছর পর আবারও একসাথে আমির-আশুতোষ!
ছবি: সংগৃহীত
০৯:১১ এএম | ১০ মে, ২০২৬
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় আগে ‘লাগান’ শুধু একটি সিনেমা ছিল না, সেটি ছিল ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক আবেগের নাম। ক্রিকেট, দেশপ্রেম আর সংগ্রামের গল্পে সেই ছবি জায়গা করে নিয়েছিল বিশ্বমঞ্চেও। আর সেই ছবির নেপথ্যের দুই গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন আমির খান ও আশুতোষ গোয়ারিকর। বহু বছর পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন এই জনপ্রিয় অভিনেতা-পরিচালক জুটি। খবরটি প্রকাশ্যে আসতেই বলিউডজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।
শোনা যাচ্ছে, ভারতের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের জীবন নিয়ে তৈরি হতে যাচ্ছে নতুন একটি জীবনীভিত্তিক সিনেমা। আর সেই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যেতে পারে আমির খানকে। পরিচালনায় থাকবেন আশুতোষ গোয়ারিকর। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে বিভিন্ন সূত্রের দাবি, প্রাথমিক আলোচনা অনেকটাই এগিয়ে গেছে। এমনকি চিত্রনাট্য পড়ার কাজও নাকি শেষ করেছেন আমির।

ভারতীয় ক্রিকেট ইতিহাসে লালা অমরনাথ এক অনন্য নাম। স্বাধীনতার আগে ক্রিকেট মাঠে তাঁর সাফল্য যেমন আলোচিত, তেমনি দেশভাগের সময় তাঁর জীবনের নানা অধ্যায়ও ছিল নাটকীয়তায় ভরা। নতুন এই সিনেমায় শুধু ক্রিকেট নয়, সেই সময়কার রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বাস্তবতা এবং ব্যক্তিগত লড়াইও গুরুত্বপূর্ণভাবে উঠে আসবে বলে জানা গেছে।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, এটি হতে যাচ্ছে বড় পরিসরের একটি সময়ভিত্তিক ক্রীড়ানির্ভর নাট্যচিত্র। যেখানে দেশভাগের আবহ, দেশের প্রতি আবেগ এবং একজন খেলোয়াড়ের সংগ্রামের গল্প মিলেমিশে তৈরি করবে অন্যরকম এক সিনেমার অভিজ্ঞতা।
‘লাগান’-এর পর আবার ক্রিকেটকে কেন্দ্র করে গল্পে ফিরছেন আমির খান। ফলে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। এর আগে ‘দঙ্গল’-এ কুস্তিগীর মহাবীর ফোগাটের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তাই এবার লালা অমরনাথের চরিত্রে তাঁকে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
অন্যদিকে আশুতোষ গোয়ারিকরের সঙ্গে আমিরের পুনর্মিলনও বাড়তি আগ্রহ তৈরি করেছে। কারণ ‘লগান’ আজও ভারতীয় সিনেমার অন্যতম সেরা ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। তাই নতুন এই প্রজেক্ট ঘিরে প্রত্যাশার পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে।
পিআর/টিকে