এবার হলিউডে পা রাখছেন দিশা পাটানি
ছবি: সংগৃহীত
০৯:৩৯ এএম | ১০ মে, ২০২৬
বলিউডে নিজের গ্ল্যামার আর অ্যাকশন ঘরানার উপস্থিতি দিয়ে বহুদিন ধরেই আলোচনায় দিশা পাটানি। এবার সেই যাত্রা আরও বড় মঞ্চে পৌঁছাতে চলেছে। ভারতীয় সিনেমার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো হলিউডে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। আর সেই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উচ্ছ্বাস।
জানা গেছে, জনপ্রিয় অ্যাকশন-থ্রিলার ধারাবাহিক ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হলিগার্ডস সাগা’-র প্রথম ছবি ‘দ্য পোর্টাল অব ফোর্স’-এর মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিষেক হচ্ছে দিশা পাটানির। এই ছবিতে তাঁকে দেখা যাবে জেসিকা নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
নিজের প্রথম আন্তর্জাতিক কাজ নিয়ে বেশ আবেগপ্রবণ দিশা। অভিনেত্রীর কথায়, এই সুযোগ একইসঙ্গে রোমাঞ্চকর এবং ভয় মেশানো এক অভিজ্ঞতা ছিল। নতুন পরিবেশ, আন্তর্জাতিক মানের শিল্পীদের সঙ্গে কাজ এবং ভিন্ন ধরনের অভিনয়প্রক্রিয়া তাঁকে অনেক কিছু শিখিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
দিশা বলেন, দীর্ঘদিন ধরেই অ্যাকশনধর্মী কাজের প্রতি তাঁর আলাদা টান রয়েছে। তাই এমন একটি আন্তর্জাতিক অ্যাকশন ছবির অংশ হতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসিত। একইসঙ্গে ভারতীয় সিনেমা থেকে পাওয়া অভিজ্ঞতাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারাটাও তাঁর কাছে বিশেষ গর্বের বিষয়।

অভিনেত্রীর মতে, গল্প বলার কোনও নির্দিষ্ট ভাষা বা ভৌগোলিক সীমা নেই। ভালো অভিনয় আর সৎ উপস্থাপনাই দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করে। আর সেই বিশ্বাস থেকেই আন্তর্জাতিক মঞ্চে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
শোনা যাচ্ছে, ছবিটির ট্রেলার মুক্তির অপেক্ষায় রয়েছেন দিশাও। কারণ এই ছবির মাধ্যমেই নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে তাঁর অভিনয়জীবনে। বলিউডের পর এবার হলিউডেও নিজের ছাপ রাখতে পারবেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।
পিআর/টিকে