© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দারিদ্র্য ও ক্ষুধা চিনি, আমি কোনো রাজপরিবার থেকে আসিনি: থালাপতি

শেয়ার করুন:
দারিদ্র্য ও ক্ষুধা চিনি, আমি কোনো রাজপরিবার থেকে আসিনি: থালাপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৭ পিএম | ১০ মে, ২০২৬
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই একাধিক জনকল্যাণমূলক ঘোষণা দিয়েছেন দক্ষিণি তারকা ও রাজনীতিক থালাপতি বিজয়। রবিবার (১০ মে) শপথ নেওয়ার পর নিজের প্রথম সরকারি নির্দেশে রাজ্যের বাসিন্দাদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মাদকবিরোধী বিশেষ টাস্ক ফোর্স এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালুর ঘোষণা দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন বিজয়। তাঁকে শপথবাক্য পাঠ করান তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। তামিল ভাষায় শপথ নেওয়ার সময় উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

শপথের পর বক্তব্যে বিজয় বলেন, ‘একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা চিনি, আমি কোনো রাজপরিবার থেকে আসিনি। অনেক কষ্ট সহ্য করেছি, অনেকেই আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলে, ভাই, ছোট ভাইয়ের মতো। আপনারা আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন, গ্রহণ করেছেন।’

তিনি জানান, তাঁর সরকার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। বিজয় অভিযোগ করেন, দ্রাবিড় মুনেত্র কজগম (ডিএমকে) রাজ্যের কোষাগার খালি করে দিয়েছে। তাঁর ভাষায়, ‘আমরা ১০ লাখ কোটি রুপির ঋণের বোঝা নিয়ে দায়িত্ব নিয়েছি। আমরা জনগণের অর্থ থেকে একটি পয়সাও নেব না এবং কাউকে রাজ্য লুট করতে দেব না।’

এসময় বাস্তববাদী, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক নতুন যুগ গড়ার প্রতিশ্রুতিও দেন বিজয়। 

উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে কংগ্রেসসহ কয়েকটি দলের সমর্থনে ১২০ আসন নিয়ে জোট সরকার গঠন করে দলটি।




ইউটি/টিএ

মন্তব্য করুন