সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর
ছবি: সংগৃহীত
১০:৫২ পিএম | ১০ মে, ২০২৬
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও দশম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। তিনি দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
রবিবার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার প্রয়োজন উল্লেখ করে আ স ম ফিরোজের পক্ষে উচ্চ আদালতে জামিন আবেদন করা হয়। এ বিষয়ে আদালত একটি রুল জারি করেন। রোববার ওই রুলের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উচ্চ আদালতের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তিনি জানান, শিগগিরই আ স ম ফিরোজ কারামুক্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, জুলাইয়ের অভ্যুত্থান চলাকালে ঢাকায় এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় ভাটারা থানায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে আ স ম ফিরোজকে ২০২৫ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় বনানী এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
ইউটি/টিএ