© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেঙ্গালুরুতে মোদির কনভয় রুটে জিলেটিন স্টিক উদ্ধার, নাশকতার আশঙ্কায় আটক ১

শেয়ার করুন:
বেঙ্গালুরুতে মোদির কনভয় রুটে জিলেটিন স্টিক উদ্ধার, নাশকতার আশঙ্কায় আটক ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ এএম | ১১ মে, ২০২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রবিবার বেঙ্গালুরু সফরকে কেন্দ্র করে বড়সড় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। তাঁর যাতায়াতের নির্ধারিত রুটের কাছ থেকে জেলেটিন স্টিক উদ্ধার হওয়ার পরই তীব্র চাঞ্চল্য ছড়ায়।

কাগ্গালিপুরা এলাকার থাথাগুনির কাছে, আর্ট অফ লিভিং সেন্টারের একটি অনুষ্ঠান স্থলের দিকে যাওয়ার রাস্তায় বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

রবিবার ভোরে ওই ব্যক্তি লোকাল থানায় ফোন করে জানায় যে HAL এলাকা এবং আর্ট অফ লিভিং কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটতে পারে। এরপরই নিরাপত্তা সংস্থাগুলি দ্রুত দুই এলাকায় তল্লাশি চালায়।

HAL বিমানবন্দরের কাছে কোনও সন্দেহজনক বস্তু না মিললেও, আর্ট অফ লিভিং কেন্দ্রের আশপাশে তল্লাশির সময় প্রধানমন্ত্রীর রুটের ধারে একটি কম্পাউন্ড ওয়ালের পাশের সেতুর কাছে জেলেটিন স্টিক উদ্ধার হয়। পরে ফোনকারীকে আটক করা হয়।

একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP)-সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা জানতে চেষ্টা করছেন কীভাবে বিস্ফোরক সেখানে পৌঁছল, কে তা সরবরাহ করেছিল? ওই এলাকায় কীভাবে পৌঁছল বিস্ফোরক? কাকে রাখার নির্দেশ দেওয়া হয়? তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজনের বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এর আগেও বেঙ্গালুরুতে ভিভিআইপি সফরের সময় ওই ব্যক্তি একাধিকবার একই ধরনের হুমকির ফোন করেছিল। সেই সময় পুলিশ তাকে আটক করলেও পরে জানা যায় যে সে মানসিক সমস্যায় ভুগছিল। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে এবার ঘটনাটিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ ফোনে সতর্কবার্তার পর সত্যিই বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশের সন্দেহ, দুটি জেলেটিন স্টিক ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রীর রুটের কাছে ফেলে রাখা হয়েছিল। অন্য কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীরা আরও খতিয়ে দেখছেন, এই বিস্ফোরক রাখার সঙ্গে আর্ট অফ লিভিং সংস্থার বিরোধীদের কোনও যোগ রয়েছে কিনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর যাতায়াতের আগেই বিস্ফোরক শনাক্ত করা হয়েছে এবং তদন্ত এখনও চলছে।

এসকে/এসএন

মন্তব্য করুন