© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রশ্ন মিয়া গোলাম পরওয়ারেরজুলাই সনদ’ অক্ষরে অক্ষরে পালন হবে, ‘গণভোট’ বলছেন না কেন?

শেয়ার করুন:
জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে পালন হবে, ‘গণভোট’ বলছেন না কেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ এএম | ১১ মে, ২০২৬
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ‘জুলাই সনদ’-কে জুলাইয়ের স্পিরিট অনুযায়ী নয়, বরং নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়। তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার পক্ষে সালাহউদ্দিন আহমদ ঘোষণা দিয়েছেন- জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। প্রধানমন্ত্রীও বিভিন্ন জায়গায় একই কথা বলেছেন। কিন্তু তারা গণভোট অক্ষরে অক্ষরে পালন করা হবে বলছেন না কেন?’

রোববার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম)।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি জুলাই সনদে যে ১০টি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) দিয়েছে, সেগুলোই স্বৈরাচার উৎপাদনের হাতিয়ার। এসব নোট অব ডিসেন্ট ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে খারিজ করে দিয়েছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বল এখন জামায়াতের কোর্টে নেই, বল আপনাদের কোর্টে। আপনারা যদি ভুল করেন, তাহলে সেই বল আপনাদের বারেই ঢুকে যাবে। জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। পাঁচ কোটি মানুষের গণভোটের রায়কে অস্বীকার করে দেশে নতুন সংকট তৈরি করবেন না।’ অতীতের কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসকদের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার জন্যও তিনি আহ্বান জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, গণভোট জনগণের প্রত্যক্ষ মতামত প্রকাশের গুরুত্বপূর্ণ পদ্ধতি। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থান নেওয়া সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট তৈরি করে। সংবিধানের অনুচ্ছেদ ৭ অনুযায়ী গণভোট জনগণের সার্বভৌমত্বের বাস্তব প্রয়োগ। তিনি যুক্তরাজ্য, গ্রিস ও কলম্বিয়ার নজির টেনে বলেন, জনগণের সরাসরি রায় অগ্রাহ্য করে ক্ষমতা দীর্ঘমেয়াদে টেকসই হয় না।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চতুর্থ গণভোটে ৭০ শতাংশ ভোটে জয়ী রায় উপেক্ষা করে বিএনপি সরকার রাজনৈতিক সংকট তৈরি করেছে। তিনি ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘জুলাই গাদ্দার’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন। নজরুল ইসলাম আরও বলেন, অতীতের গণভোটের ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারির রায় মেনে জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। অন্যথায় আন্দোলনের মাধ্যমেই জনগণ দাবি আদায়ে বাধ্য হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও মাওলানা জহিরুল ইসলাম এমপি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম।

আরআই/ এসএন

মন্তব্য করুন