© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়: ডিসি ফরিদা

শেয়ার করুন:
ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়: ডিসি ফরিদা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১২ এএম | ১১ মে, ২০২৬
ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেছেন, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। দ্রুততম সময়ে ক্ষতিপূরণ দেওয়া নিশ্চিত করার পাশাপাশি সেবার মান উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

রোববার (১০ মে) ঢাকার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে কানুনগোর (প্রশাসনিক পদ) পদায়ন কার্যক্রম শেষে এসব কথা বলেন তিনি।

ভূমি অধিগ্রহণ অনুবিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগো ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম এলএ শাখার কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগো ও কর্মচারীদের আন্তরিকতা, দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একইসঙ্গে দ্রুততম সময়ে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভোগান্তিবিহীন ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, ভূমি অধিগ্রহণ কার্যক্রমের সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ ও প্রত্যাশা সরাসরি জড়িত। তাই এই কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানুনগোকে (প্রশাসনিক পদ) লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগের ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আস্থা ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে।

এসকে/টিএ

মন্তব্য করুন