যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়া ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৪:৫৩ এএম | ১১ মে, ২০২৬
যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবের প্রতি ইরানের প্রতিক্রিয়াকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তা নাকচ করে দিয়েছেন ডনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছি। এটা আমার পছন্দ হয়নি- একেবারেই অগ্রহণযোগ্য! এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।’
তবে এই সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের প্রতিক্রিয়ার কোনো বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা তার দেশ ইরানের জবাব পেয়েছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে কি না, সে বিষয়েও তখন কিছু বলেননি পাক প্রধানমন্ত্রী।
বিবিসি বলছে, কয়েক দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটলেও, যুদ্ধ শেষ করার আলোচনা সহজ করার উদ্দেশে শুরু হওয়া যুদ্ধবিরতি কার্যকরা আছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, এক পৃষ্ঠার ১৪ দফা মার্কিন স্মারকলিপিতে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধ চলাচল পুনর্বহালের মতো বিধান অন্তর্ভুক্ত রয়েছে।
এতে দু’জন মার্কিন কর্মকর্তা এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরও দু’টি সূত্রের উদ্ধৃতি দেয়া হয়েছে, যাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত বলে বর্ণনা করা হয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, স্মারকলিপিতে উল্লিখিত অনেক শর্তই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভরশীল হবে।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ বলছে, তেহরানের প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ‘যুদ্ধের অবসান এবং সামুদ্রিক নিরাপত্তা’।
সূত্র: আল জাজিরা, বিবিসি
এসকে/টিএ