তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই এত কাজ করছেন, অনেকের সহ্য হচ্ছে না: ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:১৯ পিএম | ১১ মে, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, অনেকে সহ্য করতে পারছে না যে তারেক রহমান প্রথমবার এমপি ও প্রধানমন্ত্রী হয়েই এত কাজ করছেন। তাই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানান তিনি।
সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক।
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
ধর্মমন্ত্রী বলেন, অপপ্রচার ও সাইবার অপরাধ ঠেকাতে নতুন আঙ্গিকে একটি আইন প্রয়োজন।
তিনি সাংবাদিকদের প্রশংসা করে বলেন, সমাজে কিছু ব্যক্তি ভুল করলেও পুরো সাংবাদিক সমাজকে দায়ী করা যায় না।
প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের সততা ও সরল জীবনযাপনের কথা স্মরণ করে তিনি বলেন, বড় সাংবাদিক হয়েও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন।
তার সততা ও নিষ্ঠা অনুকরণীয়।
সাংবাদিকদের গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারেনি, তারাই নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
সামাজিক অবক্ষয় ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গ্রামাঞ্চলেও মাদক, জুয়া ও ফেনসিডিলের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকবিরোধী প্রচারে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
ধর্মীয় গুজব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠী গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সাইবার অপরাধ ও অপপ্রচার রোধে নতুন আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি।
রমজান ও ঈদের চাঁদ দেখা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইসলাম ধর্মে স্থানীয়ভাবে চাঁদ দেখেই রোজা রাখা ও ঈদ উদযাপনের নির্দেশনা রয়েছে। সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ করতেই হবে-এমন কোনো নির্দেশনা কোরআন-হাদিসে নেই।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, হাজিদের সেবায় সরকার আন্তরিক। হজ মৌসুমে তিনি নিজেও হাজি ক্যাম্পে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করছেন। কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
হজ ব্যয় কমানোর বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে কিছুটা কমানো হয়েছে এবং ভবিষ্যতে আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।
টিজে/টিএ