দেশে বর্গা শিক্ষক বা প্রক্সি শিক্ষকের সংখ্যা বেড়েই যাচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:১৯ পিএম | ১১ মে, ২০২৬
দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়ার কথা জনিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (১১ মে) দুপুরে বান্দরবান জেলা সদরের রেইছা প্রাইমারি টিচার ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় থেকে যাতে ছেলে-মেয়েরা ঝড়ে না পড়ে এবং অভিভাবকরা যাতে হন্যে হয়ে নিজেদের ছেলে-মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে আসেন সে ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।’
তিনি আরও বলেন, ‘দেশে বর্গা শিক্ষক বা প্রক্সি শিক্ষকের সংখ্যা বেড়েই যাচ্ছে। বিশেষ করে পার্বত্য এলাকায় এর সংখ্যা অনেক বেশি। আগামীতে প্রক্সি টিচার বা বর্গা টিচারের কোনো জায়গা থাকবে না বাংলাদেশে।’
চাকরি হিসেবে নয় শিক্ষকরা দায়িত্ব নিয়ে কাজ করলে পড়ালেখার মান আরও বৃদ্ধি পাবে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘দুঃখের বিষয়, আমাদের বেশির ভাগ প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা, গণিতসহ অন্যান্য বিষয়ে যতটুকু জানার কথা, তারা তা জানে না। আপনারা শিক্ষকরা যেদিন থেকে পড়ানো শুরু করবেন সেদিন থেকে সব বাচ্চারা শিক্ষিত হবে।’
তিনি আরও বলেন, বিগত দিনগুলোতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষারমান নেমে এসেছিল অনেক নিচে, এটা সম্পূর্ণভাবে বদলে দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এর আগে প্রতিমন্ত্রী লামা উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয় ও সদর উপজেলার রেইছা পিটিআই ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে এক মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় পিটিআইয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনার পাশাপাশি তাদের সমস্যার কথা শুনেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, পিটিআইয়ের পরিচালক ফজলুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনিহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
টিজে/টিএ