মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ধানমন্ডি থানা পুলিশ
ছবি: সংগৃহীত
০৯:৪০ পিএম | ১১ মে, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে তাদের হামলার শিকার হয়েছে ধানমন্ডি থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক ছিনতাইকারী এবং ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে মোহাম্মদপুর টাউন হলের পেছনে আজম রোড গলিতে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
এ ঘটনায় গুলিবিদ্ধ ছিনতাইকারীর নাম সাকিব। এছাড়া ঘটনাস্থল থেকে পলাশ ও বিপ্লব নামে আরও দুজনকে আটক করা হয়েছে।জানা যায়, এই চক্র ধানমন্ডিসহ আশপাশের এলাকায় মোটরসাইকেলে ঘুরে চাপাতি ও ছুরি নিয়ে হামলা চালিয়ে ছিনতাই করে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্বের একটি মামলার তদন্তের সূত্র ধরে গোপন তথ্যের ভিত্তিতে সকাল পৌনে ৬টার দিকে ছিনতাইকারীদের ধরতে ধানমন্ডি থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইকারীরা চায়নিজ কুড়াল, চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে এক পুলিশ সদস্য দুটি ফাঁকা গুলি ছোড়ে। এরপরও ছিনতাইকারীরা হামলার চেষ্টা করলে ওই পুলিশ সদস্য এক ছিনতাইকারীর পা লক্ষ্য করে গুলি করেন। পুলিশি প্রহরায় সোহরাওয়ার্দী হাসপাতালে তার চিকিৎসা চলছে।
আটক ব্যক্তিদের কাছ থেকে চায়নিজ কুড়াল, চাপাতি, চাকু ও একটি খেলনা রিভলভার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্যও সামান্য আহত হয়েছেন এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানায় পুলিশ।
আইকে/টিএ