জয়ের পর স্ত্রী নয় প্রেমিকাকে পাশে পেলেন কোন তারকারা?
ছবি: সংগৃহীত
০৯:৪২ পিএম | ১১ মে, ২০২৬
গত রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজয় থালাপতি। তামিলাগা ভেট্রি কাজগম (টিভিকে)-এর প্রধান বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গম এবং দুই সন্তান অনুপস্থিত ছিলেন। অন্যদিকে, অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে দেখা গেল প্রথম সারিতে। পরনে হালক। নীল কাঞ্জিভরম, খোঁপায় জুঁই ফুলের গজরা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।
এদিকে, প্রায় একইরকম দৃশ্য দেখা গিয়েছিল বাংলাতেও। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে জয়ী হয়েছে বিজেপি। শ্যামপুরের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জয়ী বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। হিরণের ব্যক্তিগত জীবনেও চর্চার শেষ নেই। স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জির সঙ্গে বিবাহবিচ্ছেদের আগেই স্ত্রী হিসেবে হিরণ স্বীকৃতি দিয়েছিলেন ঋত্বিকা গিরিকে। হিরণ জেতায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ঋত্বিকা। সম্প্রতি, শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন ঋত্বিকা।
সমাজমাধ্যমে সেদিনের অনুষ্ঠানের ঝলক ভাগ করে লিখেছিলেন, 'আমি বিজেপিকে সাপোর্ট করি, কারণ আমাদের ভগবত গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে আমাদের সব সময় তাদের পাশে থাকা উচিত। যারা দেশ এবং ধর্ম রক্ষার জন্য সংগ্রাম করে, লড়াই করে।'
অন্যদিকে, সূত্রের খবর, সম্প্রতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। বিচ্ছেদের কারণ হিসাবে জানিয়েছেন, বিজয়ের ‘এক অভিনেত্রী’-র সঙ্গে সম্পর্ক। যদিও বিবাহবিচ্ছেদের আবেদনে কারও নাম উল্লেখ করা হয়নি। সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি অভিনেত্রী তৃষা কৃষ্ণনের কথাই বলা হয়েছে৷
বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি, এবং একই সঙ্গে তৃষার উপস্থিতি— এই বৈপরীত্য নেটিজেনদের চোখ এড়ায়নি। এক্স-প্ল্যাটফর্মে এক ব্যবহারকারীর মন্তব্য, “জীবনের এত বড় মুহূর্তে নিজের সন্তান ও দীর্ঘ-দিনের সঙ্গিনীর অনুপস্থিতি কি গর্বের বিষয়?” আরেকজন লিখেছেন, 'বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার আগে নতুন সম্পর্ক প্রকাশ্যে প্রদর্শন করা— নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে।'
সব মিলিয়ে, নিজের ছন্দে হেঁটেই এগিয়ে চলছেন টলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই তারকা। আর সঙ্গে আছে তাঁদের 'লেডি লাক'।
এবি/টিএ