মমতার নিরাপত্তায় কোনও গাফিলতি নয়, নির্দেশ শুভেন্দুর
ছবি: সংগৃহীত
১০:২৭ এএম | ১২ মে, ২০২৬
ভোটে পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর পদ হারালেও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনও রকম গাফিলতি চলবে না।
সোমবার (১১ মে) কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা পুনর্বিবেচনার নির্দেশও দিয়েছেন তিনি।
সূত্রের খবর, বৈঠকে ভিআইপি নিরাপত্তা নিয়েই মূলত আলোচনা হয়। সেখানে বিশেষভাবে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার বিষয়টি। শুভেন্দু স্পষ্ট জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বিরোধী নেত্রী নন, তিনি দীর্ঘদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। পাশাপাশি তিনি একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তাঁর নিরাপত্তায় কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না।
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তার প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে বলা হয়েছে প্রশাসনকে। প্রশ্ন উঠেছে, একজন সাংসদের ক্ষেত্রে এত উচ্চস্তরের নিরাপত্তা আদৌ প্রয়োজন কি না। সাধারণত সাংসদদের জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয় না বলেই প্রশাসনিক সূত্রের দাবি।
উল্লেখ্য, নির্বাচনের ফল প্রকাশের পর নিয়ম মেনে কালীঘাটের ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা কিছুটা কমানো হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম প্রশাসনিক কর্মদিবসেই মমতার নিরাপত্তা নিয়ে স্পষ্ট বার্তা দিল শুভেন্দু সরকার।
এমআই/এসএন