বাবা মুখ্যমন্ত্রী হতেই নাম বদলে ফেললেন থালাপতির ছেলে!
ছবি: সংগৃহীত
০৫:৫১ পিএম | ১২ মে, ২০২৬
তামিল সুপারস্টার থালাপতি বিজয় সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রবিবার (১১ মে) অনুষ্ঠিত সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের মা-বাবা, পরিবারের সদস্য এবং তাঁর কথিত প্রেমিকা, অভিনেত্রী তৃষা কৃষ্ণান।
অনুষ্ঠানে দর্শকাসনের প্রথম সারিতে বসেছিলেন তৃষা। বিজয় শপথবাক্য পাঠ করার সময় তাকে আবেগাপ্লুত দেখায়। যদিও নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন তিনি। তবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই নতুন এক আলোচনার জন্ম দিয়েছে বিজয়ের পরিবার। ভারতীয় গণমাধ্যমের খবর, অভিনেতার ছেলে জেসন সঞ্জয় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম পরিবর্তন করেছেন।

দীর্ঘদিন ধরে থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। এর মধ্যেই বিজয়ের পারিবারিক সম্পর্কের টানাপোড়েনও সামনে এসেছে। মনোনয়ন জমা দেওয়ার পর বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম।
১৯৯৯ সালের ২৫ আগস্ট বিয়ে করেছিলেন বিজয় ও সঙ্গীতা। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। ২০২৩ সালের পর সেই টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে বলে দাবি বিভিন্ন প্রতিবেদনের। বর্তমানে তাদের বিচ্ছেদ প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে।
এরই মধ্যে জেসনের সামাজিকমাধ্যমের পদক্ষেপ নতুন করে আলোচনায় এসেছে। এতদিন তিনি নিজের নাম ব্যবহার করতেন ‘জেসন সঞ্জয় ভি’ হিসেবে। কিন্তু এবার নামের পাশ থেকে বাবার নামের আদ্যক্ষর ‘ভি’ সরিয়ে ‘এস’ ব্যবহার করেছেন, যা তার মা সঙ্গীতার নামের আদ্যক্ষর বলে মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, এর আগে সামাজিকমাধ্যমে বাবাকে ‘আনফলো’ করার খবরও প্রকাশ্যে আসে। ফলে অনেকেই মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে জেসন প্রকাশ্যেই মায়ের পক্ষ নিয়েছেন।
এসএ/টিএ