হরমুজ প্রণালিতে নতুন নীতিমালা প্রণয়নে কাজ করছে ইরান: আব্বাস আরাঘচি
ছবি: সংগৃহীত
০১:৫৫ পিএম | ১৩ মে, ২০২৬
হরমুজ প্রণালির উপকূলবর্তী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আইন অনু্যায়ী প্রণালিটি পরিচালনার ব্যবস্থাপনা সম্পর্কিত নতুন নীতিমালা প্রণয়নে কাজ করছে ইরান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর তাসনিম নিউজ এজেন্সির।
মঙ্গলবার (১২ মে) তেহরানে নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, হুমকি ও উসকানিমূলক বক্তব্য, পাশাপাশি তাদের সদিচ্ছা ও আন্তরিকতার অভাবই যুদ্ধের চূড়ান্ত অবসান এবং সম্ভাব্য সমঝোতা অর্জনের পথে প্রধান বাধা।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির মূল কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসন, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর চলমান নৌ অবরোধ।
বৈঠকে আরাঘচি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল জোরদার ও সহজতর করতে নির্বাহী ব্যবস্থা প্রণয়নের বিষয়ে ইরানের চলমান আলোচনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, প্রণালির উপকূলবর্তী রাষ্ট্র হিসেবে ইরান আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এই জলপথ পরিচালনার নীতিমালা তৈরির লক্ষ্যেই বিভিন্ন আলোচনা ও পরামর্শ চালিয়ে যাচ্ছে।
এদিকে নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী এই কূটনীতিক অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন রক্ষা, কূটনীতি জোরদার, সামুদ্রিক নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় সহযোগিতা ও পরামর্শ দেওয়ার জন্য নরওয়ের প্রস্তুতির কথাও জানান।
এছাড়া বৈঠকে দুই পক্ষ ইরান-নরওয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং হামলার নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব এবং ইসলামাবাদভিত্তিক আলোচনা প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করা হয়।
কেএন/এসএন