আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত
০৬:৫৯ পিএম | ১৩ মে, ২০২৬
এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ধান মার্কা ক্ষমতায় থাকলেও আসল ধান পানিতে তলিয়ে গেছে। বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, কৃষক কতটুকু সুবিধা পাচ্ছে সেটি দেখতে হবে। শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছে। এখন নতুন প্রকল্প এসেছে, খাল কাটার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড।
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড। এগুলো বিফলে গেলে আমরা লাল কার্ড দেখাবো।
বুধবার (১৩ মে) রাজধানীতে এনসিপি আয়োজিত 'ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এনসিপির এ নেতা আরও বললেন, সরকার থেকে অ্যাকশন প্ল্যান চাচ্ছি, যেখানে কৃষকের বাস্তুভিটা থেকে শুরু করে সবকিছুর নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইউনিয়নভিত্তিক গুদামঘর চালু করতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, নির্বাচনের আগে এই সরকার ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে, তাই এত বড় বড় ইস্যু গেলেও তাদের পক্ষ থেকে কোনো শক্ত প্রতিবাদ দেখা যায়নি।
এতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিতে কৃষকের ফসলের ন্যায্য মূল্য দেয়ার কথা বলেছিল। কিন্তু ন্যায্য মূল্যের নামে আগের দাম দেওয়ায় কৃষকের খরচ উঠছে না। সত্যিকার সংকটে কৃষক কার্ড কোনো কাজে আসছে না। সংকট উত্তরণে সরকারের কোনো পরিকল্পনা নেই। কৃষক কার্ডের ফুটানি বাদ দিয়ে মধ্যস্বত্বভোগীদের সরিয়ে কৃষকদের সরাসরি সহায়তা করতে হবে।
আইকে/টিএ