© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ, অমান্য করলে স্থায়ী বহিষ্কার

শেয়ার করুন:
ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ, অমান্য করলে স্থায়ী বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৮ পিএম | ১৩ মে, ২০২৬
ঢাকার ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক, রিলসসহ বিতর্কিত ছবি ও ভিডিও ধারণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ প্রশাসন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং, কুরুচিপূর্ণ মন্তব্য ও গুজব ছড়ানো থেকেও শিক্ষার্থীদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলীর স্বাক্ষরিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের কিছু শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড কলেজ প্রশাসনের নজরে এসেছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কলেজ ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা কলেজ ক্যাম্পাসে কোনো ধরনের অশালীন বা বিতর্কিত ছবি ও ভিডিও ধারণ ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি শিক্ষক, সহপাঠী বা অন্য কারও বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, সাইবার বুলিং কিংবা সম্মানহানিকর পোস্ট না করার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য, গুজব বা উসকানিমূলক পোস্ট শেয়ার করাও নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে। এ বিষয়ে কলেজ প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে জানানো হয়েছে।

ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী বলেন, “আমাদের প্রতিষ্ঠানে মুঠোফোন আনা নিষিদ্ধ। তবে অনেক শিক্ষার্থী গোপনে ফোন এনে টিকটক ও রিলস তৈরি করছে। বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছিল। ক্যাম্পাস লেখাপড়ার জায়গা, তাই আমরা শিক্ষার পরিবেশ বজায় রাখতে চাই।”

তিনি আরও বলেন, ‘শুধু প্রতিষ্ঠান নয়, পরিবার থেকেও এ বিষয়ে সচেতনতা প্রয়োজন। যাতে শিক্ষার্থীরা কোনো ধরনের সাইবার অপরাধে জড়িয়ে না পড়ে।’

পিআর/টিএ

মন্তব্য করুন