ঢাবিতে তারেক রহমানের সহপাঠী কারা ছিলেন, জানালেন আসিফ নজরুল
ছবি: সংগৃহীত
০৩:১২ পিএম | ১৪ মে, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উপস্থিতির পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার শিক্ষাজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ প্রসঙ্গে সাবেক উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল জানান, তারেক রহমান একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তবে তৎকালীন এরশাদ সরকারের সময়কার রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে তিনি নিয়মিত শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারেননি। বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
তার স্ট্যাটাসটি দেশের একটি গণমাধ্যমের পাঠকদের হুবহু দেওয়া হলো-
‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এনিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাশও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনি বিষয়টা জানতাম আমি।
তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।
তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়।’
আরআই/এসএন