আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে ‘না’, ‘টেকনিক্যাল মব’ বলছেন মনজিল মোরসেদ
ছবি: সংগৃহীত
০৬:৫৬ পিএম | ১৫ মে, ২০২৬
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তকে ‘টেকনিক্যাল মব’ বলেছেন আইনজীবী মনজিল মোরসেদ।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘একটা মব ছিল ডাইরেক্ট মব, এখন হচ্ছে টেকনিক্যাল মব। এই যে আইনজীবী যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেন না, এটা একটা টেকনিক্যাল মব।’
মনজিল মোরসেদ বলেন, ‘এখানে আইনকানুন দেখাচ্ছে যে, আমরা তো সিদ্ধান্ত নিয়েছি কয়েকটা রাজনৈতিক দল আসছিল আমাদের কাছে, আমজনতা টামজনতা দল নিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারিকে একটা রিপ্রেজেন্টেশন দিল, স্বৈরাচারী সরকারের সমর্থকরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে। উনারা এটা ফলাও করলেন। তারাও সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ এই রাজনৈতিক দল নিষিদ্ধ, এদের তো আর অনুমতি দেওয়া যায় না।
নির্বাচন কমিশন কিছু জানে না—অধিকাংশ লোককে তারা ডিসকোয়ালিফাই করে দিলেন। এইটা একটা টেকনিক্যাল মব।’ আইনজীবী আরো বলেন, ‘আপনি দেখছেন না আপনাকে সরাসরি হাত দিয়ে আঘাত করছে বা আপনাকে ছাতা দিয়ে আঘাত করছে, কিন্তু আঘাত আপনাকে করছে— টেকনিক্যালি করছে। সাবেক প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিলেন, নির্বাচন করো—তো নির্বাচন করলে তো কে হারবে বা কে জিতবে তা বলা যায় না।
সোশ্যাল মিডিয়ায় তো আমরা অনেক কিছুই দেখি। অনেকের জনপ্রিয়তা বিভিন্ন সময় বাড়ে-কমে। এই ধরনের চিন্তা থেকেই হয়তো মনে করেছে, নির্বাচন দিলে কে জিতে যায়। সেটা আবার সরকারের জন্য ক্ষতিকর। সেজন্য টেকনিক্যাল মব করে কাউকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, ২৬ এপ্রিল আইনজীবী সমিতির সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভা (ইজিএম) হয়। সেখানে দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
সমিতির ইতিহাসে প্রথমবারের মতো এবারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা (সাদা প্যানেল) নির্বাচনে লড়তে পারেননি। তবে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল), জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল (সবুজ প্যানেল) এবং এনসিপি-সমর্থিত ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্স মনোনীত প্যানেলের (লাল-সবুজ প্যানেল) প্রার্থীরা নির্বাচনে অংশ নেন।
এবি/টিএ