ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৭:২২ পিএম | ১৫ মে, ২০২৬
মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার করা এক ভারতীয় নাগরিকের মরদেহ আইনি প্রক্রিয়া ও পরিচয় শনাক্তকরণ শেষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যার দিকে উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহটি ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকার বাসিন্দা নিত্যানন্দ মালাকার (৩৫) বলে নিশ্চিত করেছে পুলিশ। মরদেহ হস্তান্তরের সময় চাতলাপুর স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে বিকেলে মনু নদীর কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চানপুর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর দ্রুত কুলাউড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। পরে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, নিহত ব্যক্তি ভারতের নাগরিক ও নদীতে ভেসে এসেছেন বাংলাদেশে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনু নদী থেকে অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধারের পর আমরা তার পরিচয় শনাক্তে প্রয়োজনীয় যাচাই-বাছাই শুরু করি।নিহতের সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার পর সব ধরনের আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গতকাল সন্ধ্যায় ভারতীয় কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
এমআই/টিকে