© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্যারোলে মুক্তি পেলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা

শেয়ার করুন:
প্যারোলে মুক্তি পেলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪২ এএম | ১৬ মে, ২০২৬
ময়মনসিংহের গৌরীপুরে মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেও নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা মজিবুর রহমান। পরে তিনি মায়ের দাফনে অংশ নেন।

কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। পরে পুলিশি প্রহরায় তাকে মায়ের জানাজা ও দাফনে নিয়ে যাওয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে গৌরীপুরে নিজ বাড়িতে মজিবুর রহমানের মা হাজেরা খাতুন (৯০) মারা যান। মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলের আবেদন করা হয়।

পরে আবেদন মঞ্জুর করা হলে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। মজিবুর রহমান গৌরীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি এবং গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ শেষে গৌরীপুর পৌরশহরের বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। তবে সময় স্বল্পতা ও পুলিশি নিরাপত্তার কারণে তিনি জানাজায় অংশ নিতে পারেননি।

পরে তিনি বাড়িতে গিয়ে মায়ের দাফনে অংশ নেন। এ বিষয়ে মজিবুর রহমান বলেন, ‘রাজনীতি করলে জেলে যেতে হয়, এটা নিয়ে আমার কোনো দুঃখ, কষ্ট নেই। ২৪ অভ্যুত্থানের পর আমি ঢাকায় চলে গিয়েছিলাম। মা বেশি অসুস্থ হলে আমি ঢাকা থেকে বাড়িতে আসার পর গ্রেপ্তার হই। আমার কষ্ট একটাই, আমি মায়ের শেষ সময়ে সেবা করতে পারিনি।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, আদালতের নির্দেশে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি দিয়ে তাকে জানাজা ও দাফনে অংশ নিতে দেওয়া হয় এবং পরে পুলিশি প্রহরায় আবার কারাগারে পাঠানো হয়।

আইকে/টিএ

মন্তব্য করুন