সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে পুরো ভোলা
ছবি: সংগৃহীত
০৭:৪৫ এএম | ১৬ মে, ২০২৬
জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার (১৬ মে) ভোলা জেলার সব এলাকায় সকাল থেকে টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বোরহানউদ্দিন উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি সুইচ ইয়ার্ডে বিশেষ রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
শুক্রবার সন্ধ্যায় ওজোপাডিকোর ভোলা অফিসের পক্ষ থেকে এক জরুরি নোটিশের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধের এই বিষয়টি নিশ্চিত করা হয়।
ওজোপাডিকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোরহানউদ্দিনে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি সুইচ ইয়ার্ডে বিশেষ জরুরি মেরামত কাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের সুবিধার্থে আজ শনিবার (১৬ মে) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্থাৎ টানা ৪ ঘণ্টা সম্পূর্ণ ভোলা জেলায় বিদ্যুৎ সরবরাহ লাইন সাময়িকভাবে বন্ধ থাকবে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
টিজে/টিএ