পঞ্চগড়ে টাঙ্গন নদীর ওপর নবনির্মিত ব্রিজের চেয়ে রাস্তা সরু, প্রতিমন্ত্রীর ক্ষোভ
ছবি: সংগৃহীত
০৫:০৮ পিএম | ১৬ মে, ২০২৬
পঞ্চগড়ে টাঙ্গন নদীর ওপর নবনির্মিত ব্রিজের একপাশে ঠিকমতো সংযোগ সড়ক নির্মাণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১৬ মে) বিকেলে নির্বাচনী এলাকা বোদা উপজেলার ধরধরা এলাকায় ব্রিজ উদ্বোধন করতে গিয়ে রাস্তার নাজুক অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি।
এ সময় তিনি ব্রিজের নিম্নমানের কাজ ও ঠিকমতো সংযোগ সড়ক নির্মাণ না করার অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৯৬ মিটার ব্রিজটি নির্মাণ করা হয়।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমার জীবদ্দশায় এমন ব্রিজ দেখিনি। ব্রিজ আছে, কিন্তু এক পাশে কোনো রাস্তা নেই।
আরেক দিকে রাস্তা ১২ ফুট। এখানে ইঞ্জিনিয়ার আর ঠিকাদার দায়ী।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আগে জানলে আমি এটি উদ্বোধন করতে আসতাম না। বিষয়টি আমি মন্ত্রণালয়ে জানাব, যেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। এত নিম্নমানের কাজ তারেক রহমানের সরকার বরদাশত করবে না।’
এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসকে/টিকে