ফের ছোট পর্দায় আসছে আদৃত
ছবি: সংগৃহীত
১১:২৯ এএম | ১৭ মে, ২০২৬
স্টার জলসার পর্দায় আবারও ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। দীর্ঘ অপেক্ষার পর নতুন ধারাবাহিকে তাঁর প্রত্যাবর্তনের খবরে ইতিমধ্যেই উচ্ছ্বসিত দর্শকমহল। নতুন এই ধারাবাহিককে ঘিরে তৈরি হয়েছে জোর আলোচনা, বিশেষ করে আদৃতের বিপরীতে কে থাকছেন তা নিয়ে কৌতূহল তুঙ্গে।
টেলিভিশন ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী এখন ধারাবাহিকের মেয়াদ তুলনামূলকভাবে কম। কয়েক মাসের মধ্যেই নতুন গল্প ও নতুন জুটি নিয়ে পর্দায় হাজির হচ্ছে চ্যানেলগুলো। সেই ধারাবাহিকতাতেই এবার আসছে স্টার জলসার নতুন প্রজেক্ট, যেখানে প্রধান চরিত্রে থাকছেন আদৃত রায়।
‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পাওয়া আদৃত রায়কে আবারও ছোট পর্দায় দেখা যাবে নতুন চরিত্রে। জানা গেছে, এই ধারাবাহিকটি তৈরি করছে বাংলা টকিজ। তবে এখনো পর্যন্ত গল্প বা সম্প্রচারের সময় নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

শোনা যাচ্ছে, এই নতুন ধারাবাহিকে আদৃতের বিপরীতে থাকছেন নবাগতা অভিনেত্রী অনুষ্কা। ফলে দর্শকদের জন্য এটি হতে চলেছে একেবারে নতুন জুটির অভিষেক। ইতিমধ্যেই এই অনস্ক্রিন জুটি নিয়ে শুরু হয়েছে কৌতূহল ও প্রত্যাশা।
এছাড়াও ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকের নজর কাড়েছে। তবে নতুন এই চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক, তা এখনও প্রকাশ করা হয়নি।
অন্যদিকে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন আদৃত রায়। শিগগিরই আশীষ কুমার পরিচালিত ‘ফিরে এসো অনুরাধা’ ছবিতে তাঁকে দেখা যাবে। কিংবদন্তি সুরকার আর ডি বর্মনকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত হচ্ছে এই ছবি।
সব মিলিয়ে নতুন ধারাবাহিক ও বড় পর্দার প্রজেক্ট দুই জায়গাতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন আদৃত। ফলে ভক্তদের জন্য সামনে অপেক্ষা করছে একের পর এক চমক।
পিআর/টিকে