© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমাকে শিখিয়ে দিন কীভাবে মেয়ের কাছে যাব: কারিনার মা

শেয়ার করুন:
আমাকে শিখিয়ে দিন কীভাবে মেয়ের কাছে যাব: কারিনার মা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৯ পিএম | ১৭ মে, ২০২৬
অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ নিয়ে রোববার বিকালে ঢাকায় ফিরছেন কারিনার মা লোপা। মেয়ের মৃত্যুতে শোকাহত লোপা ফেইসবুক পোস্টে কিছু কথা লিখেছেন।

তিনি লিখেছেন, জীবনের অনেক বড় বড় পরীক্ষা হাসিমুখে পার করেছি। কখনো কারো কাছে কিছু চাইনি, কারো অপকার করিনি। সবসময় চেস্টা করেছি মানুষের উপকার করতে। আজ আমার মেয়েকে ছাড়া জীবনের ভার আমি কিভাবে বয়ে বেড়াব, জানি না। আপনারা আমাকে শিখিয়ে দিন আমি কিভাবে আমার মেয়ের কাছে যাব। হয়ত আল্লাহকে খুশি করতে পারিনি,সঠিক ভাবে অযু করিনি,নামায পরিনি, হয়ত না জেনে অনেকের মনে কস্ট দিয়েছি। আমাকে মাফ করে দেন। আমার মেয়েটার জন্য দোয়া করেন।



কারিনার বাবা কায়সাদ হামিদ জানিয়েছেন, তার মেয়ের মরদেহ বহনকারী বিমান দেশে ফিরবে বিকেল ৫টায়। এরপর বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় বনানী ডিওএইচএস জামে মসজিদে কারিনার জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর রাত ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা হবে। এরপর সোমবার সকাল ৭টায় মুন্সিগঞ্জের গজারিয়ার আব্দুল্লাপুরে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে অসুস্থ হয়ে পড়ার পর উন্নত চিকিৎসার জন্য ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইতে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
কায়সার হামিদ বলেন, “রাত ১ টার দিকে চেন্নাইয়ে মারা যায়। হঠাৎ করেই ওর ব্লাড প্রেশার কমে গিয়েছিল। পরে তা আর নিয়ন্ত্রণে আসেনি।”

লিভারের জটিলতা নিয়ে এক সপ্তাহের বেশি সময় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন কারিনা। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে নেওয়া হয় চেন্নাইয়ের ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে।

চেন্নাই থেকে বুধবার লোপা কায়সার বলেছিলেন, লিভার প্রতিস্থাপন বা বড় ধরনের অস্ত্রোপচারের ধকল নেওয়ার মত শারীরিক অবস্থায় কারিনা নেই। সেখানকার চিকিৎসকদের বরাতে লোপা জানিয়েছিলেন, কারিনার ফুসফুসে অনেকটা তরল ও কফ জমে গিয়েছিল। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে এনে তাকে স্থিতিশীল করার দিকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন চিকিৎসকরা। তবে অস্ত্রোপচরের পর্যায়ে আর যেতে পারেননি তারা।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও গত কিছুদিন ধরে কারিনা অভিনয়ে নিয়মিত হচ্ছিলেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি তৈরি হচ্ছিল। তার কিছু কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

এসএ/এসএন

মন্তব্য করুন