পরবর্তী জেমস বন্ডের খোঁজে অডিশন শুরু
ছবি: সংগৃহীত
১০:০৪ পিএম | ১৭ মে, ২০২৬
হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জেমস বন্ড’-এর নতুন অভিনেতার খোঁজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফলে ২০২১ সালে ড্যানিয়েল ক্রেইগ এই আইকনিক চরিত্র থেকে বিদায় নেওয়ার পর, কে হবেন পরবর্তী বিশ্বস্ত গুপ্তচর- তা নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
ইয়ান ফ্লেমিংয়ের কালজয়ী চরিত্রটিকে পর্দায় নতুনভাবে বাঁচিয়ে তুলতে স্টুডিওগুলো ইতোমধ্যেই নতুন অভিনেতার জন্য অডিশন শুরু করে দিয়েছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী সমাদৃত এই স্পাই ফ্র্যাঞ্চাইজিতে একটি নতুন মুখের আগমন ঘটতে যাচ্ছে সেটা নিশ্চিত।
বিনোদন দুনিয়ার অন্যতম বড় মাধ্যম ‘অ্যামাজন এমজিএম স্টুডিওস’ ফ্র্যাঞ্চাইজিটির সৃজনশীল নিয়ন্ত্রণ নেওয়ার পর, এটি এখন একটি নতুন যুগে পদার্পণ করছে। ধারণা করা হচ্ছে, নতুন এই বন্ড সিনেমার কাস্টিং ডিরেকশনে একটি বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। নতুন জেমস বন্ডকে খুঁজে বের করার এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে হলিউডের নামকরা কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ড-কে।

স্টুডিওর অভ্যন্তরীণ সূত্রের প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী জেমস বন্ডকে অবশ্যই এমন একজন হতে হবে যিনি এই আইকনিক ব্রিটিশ সিক্রেট এজেন্টের জন্য প্রয়োজনীয় ‘আভিজাত্য ও চপলতা’ এবং একই সঙ্গে ‘বিপজ্জনক ভাব’ পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবেন।
স্টুডিওর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরবর্তী জেমস বন্ড খুঁজে পাওয়ার এই প্রক্রিয়া পুরোদমে চলছে।’ সঠিক সময়ে ভক্তদের সঙ্গে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য শেয়ার করা হবে বলেও জানিয়েছে তারা।
এদিকে কাস্টিং ডিরেক্টর হিসেবে নিনা গোল্ডের অন্তর্ভুক্তি এই পুরো প্রক্রিয়াটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তিনি এর আগে বিশ্ব কাঁপানো প্রজেক্ট ‘গেম অব থ্রোনস’ এবং ‘দ্য ক্রাউন’-এর মতো বড় প্রোডাকশনের কাস্টিংয়ের কাজ অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছেন।
পরবর্তী জেমস বন্ড হিসেবে দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতার নাম নিয়ে নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা চললেও, ড্যানিয়েল ক্রেইগের স্থলাভিষিক্ত কে হচ্ছেন সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে ইন্ডাস্ট্রির ভেতরের খবরের বরাতে জানা গেছে, অডিশন প্রক্রিয়াটি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।
সূত্র: সামা টিভি
এসএ/এসএন