© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক

শেয়ার করুন:
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪২ পিএম | ২১ মে, ২০২৬
তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২১ মে) ডিএনসিসি আওতাধীন মিরপুর চিড়িয়াখানা রোড সংলগ্ন মসজিদুল আকবার ঈদগাহ মাঠের সংস্কার কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।

ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের উদ্যোগে ১ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে মাঠটির সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়। নতুন রূপ পাওয়া এই মাঠে একসঙ্গে প্রায় ৭ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি এখানে জানাজার নামাজ আদায়ের সুবিধাও রাখা হয়েছে।

সংস্কার কাজের আওতায় মাঠটিতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ২৬০ মিটার দীর্ঘ হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণ, নিরাপত্তা বেষ্টনী তৈরী, স্ট্রিট লাইট স্থাপন, একাধিক প্রবেশ গেট নির্মাণ ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নিজের স্মৃতিচারণ করে বলেন, আমার জীবনের শৈশবের অনেক স্মৃতি এই মাঠকে ঘিরে। রাজনৈতিক জীবনের স্মৃতিও এই মাঠের সঙ্গে জড়িয়ে আছে। তাই এই মাঠকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

মাঠের চারপাশের অবৈধ বাজার উচ্ছেদের ঘোষণা দিয়ে প্রশাসক বলেন, মাঠের চারদিকে অনুমোদনহীনভাবে মাছের বাজার বসে।

এতে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। আজকের পর থেকে এখানে কোনো অবৈধ কাঁচাবাজার, মাছের বাজার বা ফুটপাত দখল করে ফুড কোর্ট বসতে দেওয়া হবে না। আমি প্রশাসক হিসেবে নির্দেশ দিয়ে গেলাম, সংশ্লিষ্ট কর্মকর্তারা এটি বাস্তবায়ন করবেন এবং এলাকাবাসী সহযোগিতা করবেন।

মাঠটি সারাদিন সবার জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে তিনি বলেন, এলাকার ছেলে-মেয়েরা এখানে খেলাধুলা করবে। খেলাধুলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রয়োজন হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে তা প্রদান করা হবে।
তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, ঢাকার প্রতিটি এলাকাতেই শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের জায়গার সংকট রয়েছে। অনেক মাঠ দখল হয়ে গেছে বা অব্যবস্থাপনায় পড়ে আছে। এই মাঠ সংস্কারের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যা রক্ষা করতে সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসকে/টিকে

মন্তব্য করুন