জামালপুর থেকে ৩ ক্যাটল ট্রেনে ঢাকায় যাবে ১২০০ গরু
ছবি: সংগৃহীত
১০:৩৬ পিএম | ২১ মে, ২০২৬
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ থেকে তিনটি বিশেষ ক্যাটল ট্রেনে প্রায় ১২০০ গরু ঢাকায় যাবে।
শুক্রবার (২২ মে) দুপুরে ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে প্রথম বিশেষ ক্যাটল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এরপর শনিবার (২৩ মে) দেওয়ানগঞ্জ ও ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে আরও দুটি ট্রেন গরু নিয়ে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাবে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে পরিচালিত তিনটি ক্যাটল ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটি ট্রেনে থাকবে ২৫টি ওয়াগন এবং প্রতিটি ওয়াগনে পরিবহন করা হবে ১৬টি করে গরু। সে হিসেবে প্রতি ট্রেনে ৪০০ টি গরু পরিবহন করা যাবে।
সংশ্লিষ্টরা জানান, প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। সে হিসাবে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়ছে গড়ে মাত্র ৫০০ টাকা। তুলনামূলক কম খরচে নিরাপদে পশু পরিবহনের সুযোগ থাকায় ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে।
এ বিষয়ে ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, ক্যাটল ট্রেন চালুর পর শুরুতে মাত্র ১৫টি ওয়াগন ছিল। এখন চাহিদা অনেক বেড়েছে। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তিনটি ট্রেনের বেশি দেওয়া সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে সব ট্রেনের ওয়াগন বুকিং সম্পন্ন হয়েছে। ইসলামপুর থেকে ট্রেন ছাড়ার পর এটি কোথাও থামবে না। সরাসরি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়ে পৌঁছাবে।