অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে কাজ করতে চাই না : ভূমি প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৪৪ পিএম | ২১ মে, ২০২৬
অবাস্তব পন্থায় বা অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে সরকার কাজ করতে চায় না বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘আমরা জনগণের প্রত্যক্ষ ভেটে নির্বাচিত হয়েছি।
আগামীবারও যেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারি সেই লক্ষ্যে কাজ করে যেতে চাই। জনগণের কাছে আত্মবিশ্বাসের সঙ্গে ভোট চাইতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিসেবা নিশ্চিতকরণে জনগণের সচেতনতার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণকে সচেতন হতে হবে। জনগণ সচেতন হলে তারা জানবে ভূমি সংক্রান্ত সবাই অনিয়মের সঙ্গে জড়িত নয়। জনগণের কাছে আমাদের অনুরোধ, জনগণ যেন আমাদের ভুল-ত্রুটি তুলে ধরেন, যেন আমরা সংশোধন হয়ে আরো ভালো কিছু করতে পারি।
কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সংশ্লিষ্ট সবার কাছে একটি আবেদন করেছেন, সেটি হলো বাংলাদেশের প্রকৃত মালিক এ দেশের জনগণ। এ মালিকরা যখন আমাদের কাছে সেবা গ্রহণ করতে আসে, তখন তারা যেন আমাদের সেবা গ্রহণ কার্যক্রম অনুভব করতে পারেন; ভালো সেবাটা যেন তারা পান।
আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছি এবং খণ্ডকালীন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি এবং আপনারা যারা সরকারের একটি বিভাগের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখানে আছেন, আপনারা নিজ যোগ্যতায় এখানে এসেছেন। আমাদের সবার লক্ষ্য হলো মানুষের সেবা প্রদান করা। অর্থাৎ এ দেশের মালিক জনগণকে সঠিক সেবাটা সম্মানের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, সততা এবং নিষ্ঠার সঙ্গে প্রদান করা।
প্রতিমন্ত্রী বলেন, আমরা সব কার্যক্রম যেন প্রধানমন্ত্রীর আহ্বানকে মাথায় রেখে পরিচালনা করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বোচ্চ চেষ্টা হচ্ছে- সমাজের প্রথম সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
আমরা সেই প্রচেষ্টায় আছি। আমরা চেষ্টা করছি একেবারে প্রান্তিক পর্যায়ে আমাদের দায়িত্বে যেগুলো আছে, বিশেষ করে ভূমি মন্ত্রণালয়ের অধীনে যেসব দপ্তর আছে সেখানে দুর্নীতিকে আস্তে আস্তে কিভাবে কমিয়ে আনা যায়। জমি সংক্রান্ত সব সেবা ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, ডিআইজি মো. মনিরুজ্জামান এবং পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ।
আরআই/টিকে