নারী বিশ্বকাপের আগে জ্যোতিদের শুভকামনা জানালেন বৃটিশ হাইকমিশনার
ছবি: সংগৃহীত
১০:৪৯ পিএম | ২১ মে, ২০২৬
বাংলাদেশ নারী ক্রিকেট দল যুক্তরাজ্যে বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ২৪ মে রাতে বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে আজ সন্ধ্যায় ঢাকাস্থ বৃটিশ হাই কমিশন অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে বাংলাদেশ নারী ক্রিকেট দল, কোচিং স্টাফ, বিসিবি পরিচালকসহ সমাজের নানা অঙ্গনের ব্যক্তিবর্গ ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
বৃটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, 'ক্রিকেট বাংলাদেশ ও যুক্তরাজ্যে বেশ জনপ্রিয় খেলা এবং এটা দুই দেশের জনগণকেও সম্পৃক্ত করে।' বাংলাদেশ নারী ক্রিকেট দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, 'আমরা খুব আনন্দিত বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানাতে পেরে। সর্বোচ্চ পর্যায়ে খেলায় বাংলাদেশ দলের প্রতি সমর্থন রয়েছে।'
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ড, স্কটল্যান্ডের গ্রুপের বাইরে। তাই স্কটল্যান্ড ও ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকে সমর্থন করতে জটিলতা নেই হাইকমিশনারের এমন বক্তব্যের পর তার বাসভবনে উপস্থিত সকলে করতালি দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের প্রধান রাশনা ইমাম বৃটিশ হাইকমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, 'বাংলাদেশ নারী ক্রিকেটাররা নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বিশ্বমঞ্চে খেলছে। নারী ক্রিকেটারদের গল্পগুলো নারী সমাজের জন্য অনুপ্রেরণামূলক।'
সংক্ষিপ্ত বক্তব্যের পর বাংলাদেশের জার্সির স্মারক হাইকমিশনারের হাতে তুলে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিসিবির পক্ষ থেকে আরেকটি স্মারক দেন বিসিবির পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ। এরপর নারী ক্রিকেটারদের সাথে ফটোসেশন করেন হাইকমিশনার ও জাইমা রহমান। নারী ক্রিকেটারদের সাথে জাইমা রহমান ব্যক্তিগত পর্যায়ে কথা বলেন।
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, 'তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আগেও কথা হয়েছে, আজও হয়েছে। আমাদের সুযোগ-সুবিধা কেমন জানতে চেয়েছে। আমাদের বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছে।' বাংলাদেশ নারী ক্রিকেট দলের একজনের বাড়ি বগুড়া। তাকে জাইমা রহমান বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সংস্কারের বিষয়টি জানান।
বৃটিশ হাইকমিশনারের শুভেচ্ছা ও অভ্যর্থনা অনুষ্ঠান নিয়ে অধিনায়ক জ্যোতি বলেন, 'যে দেশে খেলতে যাব সেই দেশের দূতাবাস থেকে এমন আয়োজন অনেক অনুপ্রেরণার। আমরা বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স করতে চাই।' বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা মারুফা আক্তার। তাকে তুরুপের তাস মনে করছেন অধিনায়ক, 'ইংল্যান্ডের কন্ডিশন পেস সহায়ক। মারুফার পেস অন্য দলগুলোর জন্য ভাবনার কারণ হবে।'
এসকে/টিকে