ছাত্রদলের নেতাকর্মীদের প্রচারমুখী হওয়ার আহ্বান আইনমন্ত্রীর
ছবি: সংগৃহীত
১০:১৮ পিএম | ২৪ মে, ২০২৬
ছাত্রদলের নেতাকর্মীদের প্রচারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “বর্তমান সরকার বিভিন্ন প্রকার কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করে চলেছে। সেই কর্মসূচিগুলো তোমরা ছাত্রদলের পক্ষ থেকে মানুষের মাঝে প্রচার করবে।”
রবিবার (২৪ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তাঁর সফরের সময় জনবল কমিয়ে দিয়েছেন। দুইজন সিনিয়র মন্ত্রী এবং দুইজন আমলা শুধু উপস্থিত থাকেন। সংসদ সদস্যদের সঙ্গে প্রথম সভায় ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া বন্ধ করেছেন, প্লট বরাদ্দ বন্ধ করেছেন। সুতরাং এই কাজগুলো জনগণকে জানাতে হবে।”
বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সঙ্গে ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের স্যুভেনির ও ‘জুলাই ২০২৪’ প্রকাশনা প্রদান করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী ও ময়মনসিংহের সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইকে/টিএ