© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে আসছে প্রিন্স মাহমুদের গান, গেয়েছেন তুহিন

শেয়ার করুন:
ঈদে আসছে প্রিন্স মাহমুদের গান, গেয়েছেন তুহিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৪ এএম | ২৫ মে, ২০২৬
নব্বইয়ের প্রজন্মের কাছে প্রিন্স মাহমুদ এক প্রিয়তার নাম। সে সময়ে শ্রোতারা তার করা ঈদের অ্যালবাম কেনার জন্য মুখিয়ে থাকতেন। ৩৫ টাকা জোগাড় করে ক্যাসেট কেনার সে কি উন্মত্ত আকাঙ্ক্ষা! প্রতি ঈদে প্রচ্ছদে 'প্রিন্স মাহমুদের সুরে' এই বাক্যটিই যেন ছিল ক্যাসেট বা সিডির জন্য ব্র্যান্ড। এভাবেই কেটে গেছে তিন দশক। এবারও ঈদ আসন্ন, আসছে প্রিন্স মাহমুদের গানও।

রোববার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন দেশের এই জনপ্রিয় গীতিকার-সুরকার।

প্রিন্স মাহমুদ লেখেন, ৩১ বছর ধরে প্রতিটি ঈদে গান এসেছে। ঈদ আসবে আর 'প্রিন্স মাহমুদের সুরে' গান আসছে না, এটা কী করে হয়! আসছি ঈদের আগেই প্রিয় ব্যান্ড আর্টিস্ট তানজির তুহিনকে নিয়ে 'ডোডোর গল্প' সিনেমার গানে।

তিনি আরও লেখেন, বলেছিলাম এখন থেকে বাণিজ্যিক সাফল্য বা অন্যের প্রশংসার কথা ভুলে কেবল নিজের আত্মার শান্তির জন্য গান করব। এটা ঠিক তাই। তবে ভালো লাগবে। কারণ, গান কারও ওপর ছেড়ে দেই না। প্রত্যেকটা বিষয় ধরে ধরে করি।

গানটির কয়েক ছত্র উল্লেখ করে প্রিন্স লেখেন- এটা কোনো কমার্শিয়াল গান না, দেখার গানও না, কেবল হেডফোন কানে লাগিয়ে শোনার গান।
প্রিন্স মাহমুদের সুরে গানটিতে কথা বসিয়েছেন স্যামুয়েল হক। সংগীত আয়োজনে ছিলেন শাকের রেজা। গানটি রেজা ঘটক পরিচালিত 'ডোডোর গল্প' সিনেমার। ঈদুল আজহায় জি সিরিজের ইউটিউব চ্যানেলে 'জোছনা' শীর্ষক গানটি মুক্তি পাবে।



আধুনিক বাংলা গান জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে অন্যতম কারিগর প্রিন্স মাহমুদ। আইয়ুব বাচ্চুর 'বেলা শেষে ফিরে এসে'; জেমসের 'মা', 'বাবা', 'বাংলাদেশ'; শাফিন আহমেদের 'আজ জন্মদিন তোমার' কিংবা হাসানের 'এতো কষ্ট কেন ভালোবাসায়', 'এতো দিন পরে প্রশ্ন জাগে'; খালিদের 'হিমালয়', 'ফেরানো গেল না কিছুতেই', 'হয়নি যাবার বেলা' তার অন্যতম সেরা সৃষ্টি।

এছাড়াও মাহাদির 'সুনীল বরুনা', রুমির 'মাটি', তাহসানের 'ছিপ নৌকো', তপুর 'সোনার মেয়ে', তানজির তুহিনের 'আলো', এলিটার 'কবি' বা মিনারের 'একাকিত্বের কোনো মানে নেই', 'প্রিয়তমা' সিনেমার 'ঈশ্বর'সহ প্রিন্স মাহমুদের রয়েছে অসংখ্য জনপ্রিয় গান।

আরআই/টিকে

মন্তব্য করুন