© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮৫ বছরেও নতুন প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

শেয়ার করুন:
৮৫ বছরেও নতুন প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৮ এএম | ২৫ মে, ২০২৬
সঙ্গীত, কবিতা ও সাহিত্যের এক অনন্য প্রতীক বব ডিলান। রবিবার (২৪ মে) তিনি ৮৫ বছরে পা রাখেন। ১৯৪১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জন্ম নেওয়া এই কিংবদন্তি শিল্পী গত ছয় দশকেরও বেশি সময় ধরে বদলে দিয়েছেন লোক ও রক সংগীতের ভাষা।

এই কিংবদন্তীর জন্মদিন উপলক্ষে নোবেল প্রাইজ এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিওতে তুলে ধরা হয় ডিলনের নোবেল বক্তৃতার একটি অংশ, যেখানে তিনি তাঁর গীতিকবিতার পেছনের সাহিত্যিক প্রভাব নিয়ে কথা বলেন।

ভিডিওর ক্যাপশনে বলা হয়, হারম্যান মেলভিলের ‘মোবি-ডিক’, এরিখ মারিয়া রেমার্কের ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ এবং হোমারের ‘দ্য ওডিসি’র মতো ক্লাসিক সাহিত্যকর্ম তাঁর গল্প বলার ধরন ও মানবজীবনকে বোঝার দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করেছে। ডিলন সেখানে বলেন, গান প্রচলিত সাহিত্যের থেকে আলাদা হলেও এর প্রকাশক্ষমতা সমান শক্তিশালী; গান মূলত শোনার জন্য, পড়ার জন্য নয়।

২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে ইতিহাস গড়েন ডিলন। তাঁকে এই সম্মাননা দেওয়া হয় “মহান আমেরিকান গানের ঐতিহ্যের ভেতর নতুন কাব্যিক অভিব্যক্তি সৃষ্টির জন্য।” সাহিত্যে নোবেল পাওয়া প্রথম সংগীতশিল্পী হিসেবেও তিনি বিশেষ মর্যাদা অর্জন করেন।



১৯৬১ সালে নিউইয়র্কে এসে ফোক সংগীতের জগতে প্রবেশের পর খুব দ্রুতই ষাটের দশকের পরিবর্তনের কণ্ঠস্বর হয়ে ওঠেন ডিলন। ‘ব্লো ইন’ ইন দ্য উইন্ড’, ‘দ্য টাইমস দে আর আ-চেঞ্জিং’’ ও ‘মিস্টার ট্যাম্বোরিন ম্যান’-এর মতো গান তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়।

১৯৬৫ সালে ফোক সংগীতের ধারা ভেঙে ইলেক্ট্রিক রক সংগীতে ঝুঁকে তিনি ব্যাপক আলোড়ন তোলেন। তাঁর ‘হাইওয়ে সিক্সটি ওয়ান রিভিজিটেড’ ও ‘ব্লন্ড অন ব্লন্ড’ অ্যালবাম আজও সংগীত ইতিহাসের মাইলফলক হিসেবে বিবেচিত হয়। একই বছরে প্রকাশিত ‘লাইক আ রোলিং স্টোন’ গানটি জনপ্রিয় সংগীতের ধারা বদলে দেওয়া অন্যতম সৃষ্টির স্বীকৃতি পেয়েছে।

নিজের গাওয়া কোনো গান বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে না উঠলেও গীতিকার হিসেবে তাঁর প্রভাব ছিল অসামান্য। জিমি হেন্ড্রিক্স, জনি ক্যাশ, জর্জ হ্যারিসন, অ্যাডেলে ও গানস এন রোজেসসহ বহু শিল্পী তাঁর লেখা গান গেয়ে বিশ্বজুড়ে সাফল্য পেয়েছেন।

দীর্ঘ ক্যারিয়ারে ডিলন ফোক, রক, কান্ট্রি, ব্লুজ ও গসপেলসহ বিভিন্ন ধারার সংগীতে কাজ করেছেন। প্রকাশ করেছেন ৪০টিরও বেশি স্টুডিও অ্যালবাম। তাঁর অর্জনের তালিকায় রয়েছে ১০টি গ্র্যামি, একাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব ও প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম।

এ ছাড়া তিনি রক এন্ড রোল হল অব ফেম এবং সংরাইটার হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। সম্প্রতি তাঁর জীবন ও সংগীত নিয়ে নির্মিত ‘আ কম্প্লিট আননোউন’ চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছেও তাঁকে নতুনভাবে পরিচিত করে তুলেছে। 

আরআই/ এসএন

মন্তব্য করুন