খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পথচারী গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত
০৪:০৮ এএম | ২৫ মে, ২০২৬
খুলনা মহানগরীর গল্লামারী ব্রিজের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আছিয়া বেগম নামে এক পথচারী নারী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে এসে কয়েকজন সন্ত্রাসী রাসেল নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় রাসেল দৌড়ে একটি গলির ভেতরে পালিয়ে গেলে, গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী আছিয়া বেগমের হাতের আঙুলে লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা আছিয়া বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাসেল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে লক্ষ্য করেই দুর্বৃত্তরা গুলি চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে কাজ চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ।
আরআই/টিকে