© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাইবান্ধায় নজর কাড়ছে ‘লাল বাহাদুর’ ও ‘পাহাড়ি পালোয়ান’

শেয়ার করুন:
গাইবান্ধায় নজর কাড়ছে ‘লাল বাহাদুর’ ও ‘পাহাড়ি পালোয়ান’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৩ এএম | ২৫ মে, ২০২৬
ঈদুল আজহা সামনে রেখে সবার নজর কাড়তে গাইবান্ধা সদরের নশরৎপুরের একটি খামারে এখন প্রস্তুত দুই বিশাল আকৃতির ষাঁড় ‘লাল বাহাদুর’ ও ‘পাহাড়ি পালোয়ান’। বিশাল দেহ, আকর্ষণীয় চেহারা আর পরম যত্নে বেড়ে উঠেছে গরু দু’টি।

লাল ও হালকা কালো রঙের ‘লাল বাহাদুর’। দুই বছর আগে বগুড়ার কলেজহাট থেকে ছোট আকৃতির লাল বাহাদুরকে কিনে আনেন খামার মালিক খাদেমুল ইসলাম জুয়েল।
 
বিশাল আকৃতির শাহীওয়াল জাতের লাল বাহাদুর দেখতে যেমন রাজকীয়, তেমনি ওজনেও বেশ ভারী। দু’টি খাড়া শিংসহ দানব আকৃতির চেহারা হলেও, স্বভাবে অত্যন্ত শান্ত সে। প্রায় ৮ ফুট লম্বা ও উচ্চতায় ৫ ফুট ৫ ইঞ্চি।
 
আর হালকা কালো ও সাদা এবং ধূসর রঙের পাহাড়ি পালোয়ান। খুবই শক্তিশালী ও পাহাড়ি জাতের গরু হওয়ায় খামার মালিক শখ করে নাম রেখেছেন ‘পাহাড়ি পালোয়ান’। স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে পাহাড়ি পালোয়ানকে প্রায় আড়াই বছর ধরে লালন পালন করা হচ্ছে এ খামারে। বিশালাকৃতির এই গরুটি প্রায় সাড়ে ৭ ফুট লম্বা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি।
 
বিশাল দৈহিক আকৃতির হলেও স্বভাবে খুবই শান্ত প্রকৃতির পাহাড়ি পালোয়ান। দীর্ঘ সময় ধরে বিশাল আকৃতির এ গরু দুটি কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করছেন খামারি খাদেমুল ইসলাম জুয়েল। 
 
খামারে গিয়ে দেয়া যায়, সারি সারি সাজানো খাবার পাত্র ও হাড়ি। মহা আয়োজনে কুমড়া, আলু, ডাল দিয়ে হচ্ছে রান্না। দেখে মনে হবে কোনো অনুষ্ঠানের আয়োজন।
 
খামারি খাদেমুল ইসলাম জুয়েল জানান, কোনো অনুষ্ঠান নয়, এ আয়োজন শুধু খামারের গরুদের জন্য। দৈনিক রুটিন করে তাদের পরিচর্যা করা হয়। খাওয়ানো হয় না কোনো ফিড বা কৃত্রিম কিছু। দানাদার খাবারের পাশাপাশি গরুগুলোর খাদ্য তালিকায় আছে আলু, কুমড়া, মিষ্টি আলু, ধানের গুড়া, ভুসি, বিভিন্ন ধরনের ডাল ও সবুজ ঘাস।
 
জুয়েল আরও জানান, কয়েক বছর ধরে তার ফার্মে বড় হওয়া লাল বাহাদুর ও পাহাড়ি পালোয়ান খামারের পরিচর্যাকারীসহ হয়ে উঠেছে সবার পরম আদরের। সবাই নিজ পরিবারের সদস্যদের মতো ভালোবাসেন তাদের। বিশাল আকৃতির গরু দু’টি দেখতে প্রতিদিন বিভিন্ন বয়সি মানুষ ভিড় জমান খামারে। প্রায় সাড়ে তিন বছর বয়সি লাল বাহাদুরের ওজন প্রায় ৮০০ কেজি এবং পাহাড়ি পালোয়ানের ওজন প্রায় সাড়ে ৭০০ কেজি। 

আরআই/টিকে

মন্তব্য করুন