© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএসে আতঙ্ক, সতর্কবার্তা ডিএমপির

শেয়ার করুন:
ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএসে আতঙ্ক, সতর্কবার্তা ডিএমপির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৩ পিএম | ২৫ মে, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএস (SMS) নিয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানিয়েছে, ট্রাফিক বিভাগের নামে পাঠানো এসব খুদে বার্তা সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। শনিবার (২৪ মে) ডিএমপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ট্রাফিক জরিমানা আদায়ের বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসী ভুয়া এসএমএস পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তবে, ডিএমপির ট্রাফিক বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে, এই ধরনের কোনো এসএমএসের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

ডিএমপি জানায়, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হলে, সংশ্লিষ্ট বিভাগ বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি চিঠি চালক বা মালিকের নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হচ্ছে। এছাড়া, বিশেষ প্রয়োজনে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে এসএমএস পাঠানো হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানাকৃত যানবাহনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিংয়ের (উপায় ও ইউসিবিএল) মাধ্যমে বৈধভাবে অর্থ পরিশোধের সুযোগ রয়েছে।

ডিএমপি নগরবাসীকে সতর্ক করে জোর দিয়ে বলেছে, ট্রাফিক বিভাগ কখনও কোনো ব্যক্তির কাছে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের পিনকোড, পাসওয়ার্ড কিংবা ওটিপি (OTP) জানতে চায় না। তাই এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকতে হবে।

ট্রাফিক সংক্রান্ত যেকোনো সঠিক তথ্যের জন্য ডেল্টা-৩ অথবা ০১৩২০-০৪২২০৭, ০১৩২০-০৪২২২৭ এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো বিভ্রান্তিকর তথ্য দ্বারা প্রভাবিত না হওয়ার জন্যও নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এমআর/টিকে  

মন্তব্য করুন